দিন বদলাবে মোবাইল ও ই-ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন মানুষের ব্যস্ততার শেষ নেই। কম সময়ে মানুষ সঠিক সেবাটি পেতে চায়। আর এসব ক্ষেত্রে একটি কার্যকর সমাধান হতে পারে মোবাইল ও ই-ব্যাংকিং, যা দিন বদলাতে সহায়তা করবে। গতকাল বুধবার ঢাকার একটি হোটেলে আয়োজিত তৃতীয় আন্তর্জাতিক ই-ব্যাংকিং ও মোবাইল কমার্স সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। এতে স্বাগত বক্তব্য দেন সার্ক আইসিটির সভাপতি শাফকাত হায়দার।সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তারা মোবাইল ব্যাংকিংয়ের নানা দিক নিয়ে কথা বলেন। এ সময় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, মোবাইল ব্যাংকিং আমাদের দেশে তথ্যপ্রযুক্তিতে এক নতুন মাত্রা যোগ করেছে। এর ফলে একদিক থেকে মানুষের যেমন সময় বাঁচবে, তেমনি তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশ এগিয়ে যাবে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদের দেশের সাধারণ মানুষ সহজেই মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের বিল পরিশোধসহ নানা ধরনের অর্থনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবে। এ অধিবেশনে আরও বক্তব্য দেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন—বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ, আল-ফালাহ্ ব্যাংক লিমিটেডের হেড অব আইটি তসলিমুল হক, বিসিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার, এয়ারটেল ইন্ডিয়ার হেড অব মোবাইল কমার্স শ্রীরমন জগন্নাথন, পাকিস্তানের এমসিবি ব্যাংকের হেড অব মোবাইল কমার্স কাসিফ শহীদসহ আরও অনেকে।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ই-ব্যাংকিং নিয়ে বক্তারা বলেন, ই-ব্যাংকিং শুধু সময়ই সাশ্রয় করে না, সঙ্গে সঙ্গে অর্থের সঠিক ও নিরাপদ সরবারহ নিশ্চিত করে। ই-ব্যাংকিংয়ের সুবিধা নিয়ে মানুষ ঘরে বসেই বিভিন্ন লেনদেন করতে পারে। এ ছাড়াও জীবনের বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করতেও ই-ব্যাংকিং দারুণ সহায়ক। সময়ের সঙ্গে সঙ্গে ই-ব্যাংকিং আরও ছড়িয়ে পড়বে বলে বক্তারা মনে করেন। এ অধিবেশনে গ্লোবাল ডেভেলপমেন্টের প্রধান শাহজাদ শহিদ, সিস্টেম ইঞ্জিনিয়ারিং গ্রুপ ইন্ডিয়ার চেক পয়েন্ট সফটওয়্যার টেকনোলজিসের জ্যেষ্ঠ নিরাপত্তা পরামর্শক কপিল অবস্থি, জেডআরজি ইন্টারন্যাশনালের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট আলী শামিম বক্তব্য দেন এবং বাংলাদেশ স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাস্টমার অপারেশনসের প্রধান মনিতুর রহমান সঞ্চালক হিসেবে আলোচনায় অংশ নেন। —মোছাব্বের হোসেন