দিনপঞ্জিকা পাথর!
যুক্তরাজ্যের নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটির গবেষকেরা ম্যানচেস্টারে অবস্থিত রহস্যময় ‘মনোলিথ’ বা একক পাথরের রহস্যভেদ করেছেন। ‘গার্ডমস এজ’ নামের এলাকায় অবস্থিত নিঃসঙ্গ এ পাথরটি ভিনগ্রহের কোনো উপাদান নয়। জ্যোতির্বিদ ড্যানিয়েল ব্রাউন এ পাথরটিকে পাথর যুগের বর্ষপঞ্জিকা হিসেবেই উল্লেখ করেছেন। এক খবরে উইয়ার্ড সায়েন্স জানিয়েছে, ২৭ মার্চ ন্যাশনাল অ্যাস্ট্রোনমি মিটিংয়ে একক পাথরটির তথ্য জানান ব্রাউন।পৃথিবীতে অনেক মনোলিথ বা একক পাথর ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তবে যুক্তরাজ্যের ম্যানচেস্টার এলাকায় অবস্থিত একক পাথরটিই কয়েক দশক ধরে গবেষকদের কাছে আশ্চর্যের বিষয় হয়ে উঠেছিল। ৭.২ ফুট উচ্চতার অদ্ভুত গড়নের এ পাথরটির তিনটি মুখ রয়েছে। ব্রাউনের দাবি, বর্তমানে শেওলা পড়লেও একসময় এ পাথরটিকে কেন্দ্র করেই চার হাজার বছর আগে এ অঞ্চলের কৃষকদের চাষাবাদ চলত। অর্থাত্ কৃষকেরা ঋতু পরিবর্তনের বিষয়টি এ পাথর দেখেই বুঝতে পারত। ব্রাউন আরও বলেছেন, নিঃসঙ্গ পাথরটির ভূ-প্রকৃতির চেয়ে সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য ধারণ করে আছে। এ পাথরটিকে ঘিরেই এ অঞ্চলের পাথর যুগের পরবর্তী ও ব্রোঞ্জ যুগের শুরুর দিকের লোকেরা সমবেত হতো ও বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করত। শীত মৌসুম শুরু হলে পাথরটির সমতল ঢালু উত্তর মুখে স্থায়ী ছায়া পড়ে যেত। গ্রীষ্মের মাঝামাঝিতে এ দিকটাতেই আবার সরাসরি সূর্যের আলো এসে পড়ত।পাথরটি যুক্তরাজ্যের পুরোনো পাথরগুলোর মধ্যে একটি। তিন কোণা দাঁতের মতো দেখতে হলেও একেক অবস্থান একেক রকম দেখায়। ব্রাউন বলেন, পাথরটি দক্ষিণে ৬০ ডিগ্রি কোনে বসানো রয়েছে এবং এর ভিত্তিও পাথরের। থ্রিডি কম্পিউটার মডেলের পুরোনো পাথরের সঙ্গে তুলনা করে যথেষ্ট মিল পেয়েছেন তিনি।