
মহিন তাঁর স্বপ্নপূরণের মাত্র এক কদম দূরে। মেডিকেলপড়ুয়া শেষ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন মহিন ফাইনাল প্রফ (শেষ পেশাগত পরীক্ষা) পরীক্ষায় পাস করলেই হয়ে যাবেন ডাক্তার। মা-বাবার স্বপ্নপূরণে মহিন কক্সবাজার থেকে পড়তে এসেছেন দেশের উত্তরের একটি স্বনামধন্য চিকিৎসা মহাবিদ্যালয় দিনাজপুর সরকারি মেডিকেল কলেজে (ডিজেএমসি)।
মানচিত্রের এক প্রান্তে কক্সবাজার, আরেক প্রান্তে দিনাজপুর। কিসের টানে এত দূরে পড়তে আসা জানতে চাইলে ১৮তম ব্যাচের মহিনের চটপট জবাব, ‘মা-বাবার স্বপ্ন তো ছিলই, আমার নিজেরও ইচ্ছে ছিল ডাক্তার হব। তবে চান্স যখন দিনাজপুরে পেলাম, দ্বিধায় পড়ে গিয়েছিলাম, বাসা থেকে এত দূরে গিয়ে ডাক্তারি পড়তে পারব কি না! কিন্তু এখানে এসে কিছুদিনের মধ্যেই এই ক্যাম্পাসের ভালোবাসায় জড়িয়ে গেলাম। এখন ভাবতেই কষ্ট হয় ডাক্তারি পড়া শেষেই ছেড়ে যেতে হবে এই ক্যাম্পাস।’
কাটারিভোগ চাল আর লিচুর জন্য বিখ্যাত দিনাজপুরের আনন্দ সাগর এলাকায় অবস্থিত বাংলাদেশের অন্যতম সুন্দর এই ক্যাম্পাস মায়া দিয়ে এভাবেই বেঁধে রেখেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়তে আসা শিক্ষার্থীদের। দেশের সীমানা পেরিয়ে পাকিস্তান, ভুটান, নেপাল প্রভৃতি দেশ থেকেও প্রতিবছর শিক্ষার্থীরা পড়তে আসছেন এখানে। ১৯৯২ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে কার্যক্রম শুরু করা এই মেডিকেল কলেজ ইতিমধ্যেই শিক্ষার মান ও পরিবেশের দিক দিয়ে সবার মন জয় করতে সক্ষম হয়েছে। এমবিবিএস ডিগ্রি অর্জন করে এ পর্যন্ত বের হয়ে যাওয়া এই কলেজের ১৭টি ব্যাচের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্তে দক্ষতার সঙ্গে সেবা প্রদান করে যাচ্ছেন এবং দেশ-বিদেশে সফলতার সঙ্গে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।
কলেজের সর্বশেষ ২২তম ব্যাচের ছাত্রী ঢাকার অদিতি বলেন, ‘আগে শুনতাম, মেডিকেলে পড়া মানে খুব বোরিং লাইফ, নিষপ্রাণ ক্যাম্পাস। কিন্তু এখানে এসে বুঝলাম, মেডিকেলে পড়ার পাশাপাশি ক্যাম্পাস লাইফটাও উপভোগ করা সম্ভব। পড়াশোনার পাশাপাশি নিয়মিত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডে অংশগ্রহণে সময়টা কখনো একঘেয়ে মনে হয় না।’
সেবামূলক সংগঠন সন্ধানী ও মেডিসিন ক্লাবের পাশাপাশি এ কলেজের সাংস্কৃতিক সংগঠন ঐকতান, ডিবেট ক্লাব, মুভি ক্লাব প্রভৃতি সংগঠন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।
রাজনৈতিক অস্থিরতামুক্ত ক্যাম্পাস, পর্যাপ্ত আবাসিক ব্যবস্থা, সুবিশাল খেলার মাঠ আর জুনিয়র-সিনিয়র সুসম্পর্ক দিচ্ছে এখানে সর্বোচ্চ শান্তিময় পরিবেশের নিশ্চয়তা। আর শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার জন্য পাশে তো রয়েছেই ৫০০ শয্যাবিশিষ্ট আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল। মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল শেষে আরও একটি নতুন ব্যাচ এসে মুখরিত করবে এই ক্যাম্পাস। ডিজেএমসি এখন সেই নতুনদের অপেক্ষায়।