দিনাজপুর থেকে শুরু হলো প্রচারণা পর্ব
‘আমাদের চারপাশে অনেক আইডিয়া আছে, অনেক সমস্যা আছে। অনলাইনের মাধ্যমে প্রতিদিন আমরা সবচেয়ে বেশি তথ্য আদান-প্রদান করে থাকি। স্মার্টফোন ও অ্যাপ ব্যবহার করেই আমরা সেই তথ্যগুলো পেয়ে থাকি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিন্তা করবেন। নতুন নতুন ধারণা তৈরি করবেন। দেশ-বিদেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে মানুষকে জানাবে।’ গতকাল সোমবার বিকেলে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৬-এর প্রচারণা পর্বে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) অনুষদের ডিন আবদুল্লাহ আল মামুন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে সিএসই বিভাগের চেয়ারম্যান আদিবা মাহজাবিন বলেন, ২০১৫ সালের অ্যাপ প্রতিযোগিতায় সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অষ্টম স্থান অধিকার করেছিলেন। এ বছর যাতে প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করা যায়, সে জন্য শিক্ষার্থীদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস ও যোগাযোগ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, প্রথম আলো দিনাজপুর প্রতিনিধি আসাদুল্লাহ সরকার বক্তব্য দেন।
সেমিনারে ইএটিএলের ব্যবস্থাপক দীপু রিচার্ড পালমা বক্তব্য প্রদানের পাশাপাশি মাল্টিমিডিয়ার মাধ্যমে ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদে অডিটোরিয়াম-২ মঞ্চে আয়োজিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেন।
এই আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো চলতি বছরের অ্যাপ প্রতিযোগিতার প্রচারণা পর্ব। আজ রংপুরের ডেল্টা কম্পিউটার কলেজ এবং সৈয়দপুরের বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রচারণা পর্বের আয়োজন করা হয়েছে। ২১ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রচারণা ও সেমিনার অনুষ্ঠিত হবে। ইএটিএল-প্রথম আলো আয়োজিত এই প্রতিযোগিতা চতুর্থবারের মতো শুরু হয়েছে গত ২৪ মে। www.eatlapps.com/contest2016 ঠিকানার ওয়েবসাইটে আগামী ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলগতভাবে অ্যাপের ধারণা জমা দিতে পারবেন।