দিনাজপুর থেকে শুরু হলো গার্লস ইন আইসিটির কার্যক্রম
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শিক্ষা ও পেশায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) তাদের সদস্য দেশগুলোতে ‘গার্লস ইন আইসিটি ডে’ আয়োজন করে থাকে। প্রতিবছর এপ্রিলের চতুর্থ বৃহস্পতিবার এ দিন পালিত হয়। তবে বাংলাদেশে এর ব্যাপ্তি ছড়িয়ে দেওয়ার জন্য এ বছর কার্যক্রমটি মাসজুড়ে আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।
দিনাজপুর সরকারি মহিলা কলেজে ২০ এপ্রিল অনুষ্ঠিত সেমিনারের মধ্য দিয়ে আয়োজনটি শুরু হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, এ বছর ঢাকার বাইরে দিনাজপুর, রংপুর, চট্টগ্রাম ও রাজশাহীতে গার্লস ইন আইসিটি ডে পালন করা হবে। আয়োজনে থাকছে আইসিটিতে মেয়েদের অংশগ্রহণের সুযোগ ও উপায় নিয়ে ক্যারিয়ার আলোচনা, আইসিটিতে আরও বেশি মেয়েদের আগ্রহী করে তোলার উপায় খোঁজা নিয়ে গোলটেবিল বৈঠক, বিভিন্ন আইসিটি প্রতিষ্ঠান পরিদর্শন এবং কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতা।
আয়োজনে সহ-আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ উইমেন ইন আইটি। পৃষ্ঠপোষকতা করছে জেনেক্স, জুমশেপার, বাইনারি ইমেজ ও চাকরি ডটকম। আয়োজন সম্পর্কে বিস্তারিত জানা যাবে girlsinict.bdosn.org ঠিকানার ওয়েবসাইটে। নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানে গার্লস ইন আইসিটি ডে আয়োজন করতে চাইলে [email protected] ঠিকানার ই-মেইলে যোগাযোগ করা যাবে।
বিজ্ঞপ্তি