দিনাজপুরে আজ থেকে তথ্যপ্রযুক্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের তথ্যপ্রযুক্তি উৎসব। এ উৎসব ঘিরে গতকাল শুক্রবার আনন্দমুখর পরিবেশ দেখা গেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। তথ্য ও প্রযুক্তি উৎসব কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) অনুষদ আয়োজিত এ উৎসবে প্রযুক্তি প্রদর্শনীর পাশাপাশি নানা আয়োজন রয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা বের করা হবে। এর পর হবে উদ্বোধন। এ উৎসব চলবে ৩১ মে পর্যন্ত। উৎসবের উদ্বোধনী দিনে কম্পিউটার গেম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দুপুরে হবে ‘উত্তরাঞ্চলে তথ্যপ্রযুক্তি শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শিরোনামের গোলটেবিল বৈঠক। বিকেলে আছে চলচ্চিত্র প্রদর্শনী।উৎসবের প্রতিদিনই তথ্যপ্রযুক্তির প্রদর্শনী ‘ডিজিটাল ফেয়ার’। এতে তথ্যপ্রযুক্তির নানা বিষয় দেখানো হবে। এ দিন আর্থিক সেবা খাতে তথ্যপ্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এর পর আছে প্রথম আলো জবস্ তথ্যপ্রযুক্তি কুইজ প্রতিযোগিতা। বিকেলে জুমলার একটি কর্মশালারও আয়োজন করা হয়েছে। কর্মশালা পরিচালনা করবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। একই দিন হবে আন্তবিশ্ববিদ্যালয় কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা। মূল প্রোগ্রামিং প্রতিযোগিতা হবে সোমবার। এ প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করছে এসার। সোমবার বিকেলে হবে গেম প্রতিযোগিতার চূড়ান্ত-পর্ব। রাত আটটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এ আয়োজন। হাজী দানেশ বিশ্ববিদ্যালয় এবার দ্বিতীয়বারের মতো তথ্যপ্রযুক্তি উৎসবের আয়োজন করছে। এ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক গ্রামীণফোন, সহপৃষ্ঠপোষক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। সহযোগিতায় প্রথম আলো। কৃতজ্ঞতায় এসার ও প্রথম আলো জবস ডটকম। — আসাদুল্লাহ্ সরকার, দিনাজপুর