দিনাজপুরে তিন মাসের মধ্যে ‘ওয়ান স্টপ সার্ভিস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাসের মধ্যে দিনাজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু হবে। গত বৃহস্পতিবার দিনাজপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. নজরুল ইসলাম খান এ ঘোষণা দেন। তথ্য-প্রযুক্তিভিত্তিক এ সেবা চালু হলে জনগণ জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রায় সব ধরনের তথ্যসেবা দ্রুত পাবে।দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে তিন দিনের এ মেলার উদ্বোধন করেন দিনাজপুর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম। এ সময় তিনি বলেন, ইন্টারনেট ব্যবহার করে ভবিষ্যতে ঘরে বসেই অনেক সেবা পাওয়া যাবে।অনুষ্ঠানে বক্তৃতা করেন দিনজপুরের জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ, সরকারি কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দীন, কলেজশিক্ষক সমিতির সভাপতি সাইফুদ্দিন আখতার, সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম, নূরজাহান আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুস্তম আলী, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, এটুআই প্রকল্পের পরামর্শক নাঈমুজ্জামান প্রমুখ।ডিজিটাল উদ্ভাবনী মেলায় শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা ও পুলিশ প্রশাসন, ১৩টি উপজেলা প্রশাসন, এলজিইডি, কৃষি বিভাগ, গম গবেষণা কেন্দ্র, স্বাস্থ্য বিভাগ, সেতাবগঞ্জ চিনিকলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৫০টি স্টল রয়েছে। মেলায় স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা অনলাইনে কেমব্রিজ এডুকেশন সাপোর্ট, রেলওয়ের টিকিট ব্যবস্থাপনার সফটওয়্যার প্রভৃতি প্রকল্প দেখাচ্ছে মেলায়। প্রথম আলোর স্টলে অনলাইন পত্রিকা, প্রথম আলো জবস এবং ১২ বছরে পত্রিকাটির কার্যক্রম নিয়ে তৈরি ১২ মিনিটের তথ্যচিত্র দেখানো হচ্ছে। চিরিরবন্দরের আমেনা বাকী স্কুল কানেক্টিং ক্লাসরুম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগ অস্ত্রোপচার করে গাভির বাচ্চা প্রসবের পদ্ধতি দেখাচ্ছে।