দিনাজপুরে মুক্ত সফটওয়্যার নিয়ে মুক্ত আড্ডা
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওপেন সোর্স নেটওয়ার্কের (এইচএসটিইউ ওএসএন) উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ডাক দিয়ে যাই’ শীর্ষক মুক্ত আড্ডা। মুক্ত সফটওয়্যারের পাশাপাশি আড্ডায় উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন। আড্ডা অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান। বাংলাদেশের বিদ্যমান বিভিন্ন সমস্যার সমাধানে শিক্ষার্থীদের ভূমিকা কী হতে পারে, সে বিষয়গুলো আলোচনায় উঠে আসে। বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রযুক্তিভিত্তিক এবং প্রযুক্তির বাইরে সহজে সমাধানের বিভিন্ন মডেল উপস্থাপন করা হয়। আড্ডায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, এইচএসটিইউ ওএসএনের মডারেটর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আশীষ কুমার মণ্ডল, প্রাণনের প্রধান নির্বাহী নাহিদুল ইসলামসহ অনেকে। —নিজস্ব প্রতিবেদক