দিনাজপুরে শেষ হলো তথ্যপ্রযুক্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমজমাট আয়োজনে শেষ হলো দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তথ্যপ্রযুক্তি উৎসব। গতকাল সোমবার উৎসবের শেষ দিনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আফজাল হোসেন বলেন, কেবল কম্পিউটার বিজ্ঞানের ক্ষেত্রে নয়, তথ্য ও প্রযুক্তি উৎসব বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের সমন্বয় সাধন করতে পারে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) অনুষদের ডিন এবং উৎসব কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। তিনি বলেন, ঢাকা থেকে সুদূর দিনাজপুরে এ ধরনের উৎসবের আয়োজন সমগ্র দেশের, বিশেষ করে উত্তরাঞ্চলের বিশ্ববিদ্যালয়, কলেজসহ সর্বস্তরের শিক্ষার্থীর মনের দরজা খুলে দেবে। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের দ্বিতীয় দিন গত রোববার হাবিপ্রবি ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত হয় ওয়েবসাইট তৈরির জনপ্রিয় সফটওয়্যার জুমলা কর্মশালা। কর্মশালায় জুমলার নানা বিষয় শেখানো হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন অধ্যাপক আলমগীর হাসান, সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, প্রভাষক আশীষ কুমার মণ্ডলসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের ফেরদৌস আহমেদ। গতকাল উৎসবের শেষ দিনে প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, গেমিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। —আসাদুল্লাহ্ সরকার, দিনাজপুর