দিল্লি-আগ্রা গতিমান এক্সপ্রেস এ মাসেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন ‘গতিমান এক্সপ্রেস’ আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার চূড়ান্ত ধাপ শেষ করেছে। দিল্লি-আগ্রা পথের এই ট্রেনটি মঙ্গলবার সফলভাবে সর্বশেষ পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন করেছে। সেমি-হাই​স্পিড এ ট্রেনটি ১৯৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে ১১৫ মিনিটে।

ট্রেনটিতে ৫ হাজার ৪০০এইচপি বৈদ্যুতিক ইঞ্জিন ও ১২টি আধুনিক কোচ রয়েছে। জুনের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পতাকা তুলে ট্রেনটির আনুষ্ঠানিক চলাচল উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

আগ্রার বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক ভূপেন্দর ধীলন টাইমস অব ইন্ডিয়াকে বলেন, এটি ছিল ‘গতিমান এক্সপ্রেস’ চালু করার সর্বশেষ ধাপ। তাই আশা করছি খুব শিগগিরই ট্রেনের পতাকা উঠবে।

বিরতিহীন এ ট্রেনটি নয়াদিল্লি স্টেশন থেকে বেলা ১১টা ১৫ মিনিটে যাত্রা করে। আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছায় ১টা ১০ মিনিটে। যদিও আরও ১০ মিনিট আগেই ট্রে​নটির পৌঁছানোর কথা ছিল। ফিরতি পথে ট্রেনটি আগ্রা ক্যান্টনমেন্ট থেকে ২টা ২০ মিনিটে যাত্রা করে দিল্লিতে পৌঁছায় ৪টা ২৫ মিনিটে। মোট সময় নেয় দুই ঘণ্টা ৫ মিনিট। বর্তমানে একই দূরত্বে চলাচলকারী দ্রুতগামী ট্রেন ভূপাল শতাব্দী সময় নেয় ২ ঘণ্টা ৬ মিনিট। অবশ্য ভূপাল শতাব্দী ট্রেনটি মথুরাতে দুই মিনিটের যাত্রা বিরতি করে।

‘গতিমান এক্সপ্রেস’ শীতাতপ আসনের একমুখী ভাড়া পড়বে ৬৯০ রুপি। এক্সিকিউটিভ ক্লাসের জন্য গুনতে হবে ১ হাজার ৩৬৫রুপি।

আশা করা হচ্ছে, নিয়মিত যাত্রায় ট্রেনটি নয়াদিল্লি থেকে সকাল ৮টায় ছাড়বে আর ফিরতি পথে আগ্রা থেকে ছাড়বে বিকেল সাড়ে পাঁচটায়।