দীর্ঘ দূরত্বের ত্রিমাত্রিক লেজার ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের এডিনবার্গের হেরিওট-ওয়াট ইউনিভার্সিটির পদার্থবিদেরা সম্প্রতি এক বিশেষ ধরনের ক্যামেরা উদ্ভাবন করেছেন। এ ক্যামেরা দিয়ে সহজেই এক কিলোমিটার (০ দশমিক ৬২ মাইল) দূরের কোনো বস্তুর থ্রিডি বা ত্রিমাত্রিক ছবি তোলা সম্ভব। পদার্থবিদদের এটি একটি কৌশলগত আবিষ্কার, যা প্রায় সব বস্তুকে লেজারের মাধ্যমে স্ক্যান করতে সক্ষম। দলটি বলছে, ক্যামেরাটি দিয়ে ভবিষ্যতে এর আওতা ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) পর্যন্ত বাড়ানো সম্ভব। প্রাথমিকভাবে এটি দিয়ে বস্তু যেমন, যানবাহন স্ক্যান করতে পারলেও মানুষের ত্বক বা চামড়া স্ক্যান করতে পারবে না। কারণ, চামড়ায় অন্যান্য বস্তুর মতো লেজার প্রতিফলিত হয় না। ক্যামেরাটি প্রথমে দূরের কোনো বস্তুতে লেজার নিক্ষেপ করে এবং আলোর আসা-যাওয়ার সময়কে পরিমাপ করে। এ ক্যামেরাটি এক মিলিমিটার পর্যন্ত বিষয়বস্তু নির্ভুলভাবে রেকর্ড করতে সক্ষম। দলটি বলছে, ক্যামেরায় ইমেজ-প্রসেসিং সফটওয়্যার সিস্টেমের একই প্রযুক্তি ব্যবহার করে বস্তুর গতি এবং দিকও নির্ণয় করা সম্ভব। হেরিওট-ওয়াটের গবেষণা সহযোগী অংগুস ম্যাকার্থি বলেন, ‘আমাদের এ পদ্ধতি নিম্নশক্তির রুটের গভীরে অত্যন্ত সাধারণভাবে এবং ছোট লক্ষ্যমাত্রায় খুব দীর্ঘ পরিসীমার ছবি তোলে। এটি হালকা ও সম্পূর্ণ বহনযোগ্য স্ক্যানিং গভীরতার ইমেজ তৈরি করতে সক্ষম। তবে আগামী পাঁচ বছরের কমে এ ক্যামেরা বাজারে আসতে পারবে না।’ —বিবিসি অবলম্বনে প্রদীপ সাহা