দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্ট উন্মুক্ত করবে ইয়াহু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াহু মেইলে অ্যাকাউন্ট খোলার পর যাঁরা এক বছরের বেশি সময় ধরে সে অ্যাকাউন্ট ব্যবহার করেননি তাঁদের নিষ্ক্রিয় মেইল অ্যাকাউন্ট অন্যদের জন্য উন্মুক্ত করে দেবে ইয়াহু।

নতুন অ্যাকাউন্ট খোলার সময় দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা মেইল অ্যাকাউন্টের ওই পরিচিতি ব্যবহারের সুযোগ দেবে ইয়াহু। ১৫ জুলাই থেকে নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ইয়াহু। তাই যাঁদের নিষ্ক্রিয় পুরোনো অ্যাকাউন্ট রয়েছে তাঁদের এ সময়ের মধ্যেই অ্যাকাউন্ট সক্রিয় করার পরামর্শ দিয়েছে ইয়াহু কর্তৃপক্ষ।
টাইম অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষ্ক্রিয় মেইল উন্মুক্ত করার পরিকল্পনা নিলেও ঠিক কতসংখ্যক ইয়াহু অ্যাকাউন্ট বর্তমানে নিষ্ক্রিয় রয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ইয়াহু কর্তৃপক্ষ। ইয়াহুর একজন মুখপাত্র জানিয়েছেন, প্রচুরসংখ্যক নিষ্ক্রিয় পরিচিতিকে আবার ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইয়াহু কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ইয়াহুকে ঢেলে সাজাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মারিসা মেয়ার। তাঁর উল্লেখযোগ্য পদক্ষেপের মধ্যে ইয়াহুর নিষ্ক্রিয় পরিচিতিগুলোকে আবার ব্যবহারের সুযোগ করে দেওয়াটা অন্যতম। এ ছাড়া তিনি ইয়াহুর বিভিন্ন সেবা ঢেলে সাজিয়েছেন। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ইয়াহুকে শক্ত অবস্থানে নিয়ে যেতে টাম্বলারের মতো ব্লগিং প্ল্যাটফর্মকে কিনে নিয়েছেন।
ইয়াহু মেইল অ্যাকাউন্ট ব্যবহার করে মেইল ছাড়াও ইয়াহুর অন্যান্য সেবা ব্যবহার করা যায়।