দীর্ঘমেয়াদি কার্যক্রম চালাবে এসএপি
বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদি কার্যক্রমের কথা পুনর্ব্যক্ত করেছে বড় ও করপোরেটপ্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তিগত সমাধান নির্মাতাপ্রতিষ্ঠান এসএপি। গত সপ্তাহে ঢাকায় এক মতবিনিময় অনুষ্ঠানে এসএপি ভারতীয় উপমহাদেশের ব্যবস্থাপনা পরিচালক পিটার গার্টেনবার্গ বলেন, স্থানীয় বাজারের সুবিধাগুলো কাজে লাগিয়ে ব্যবসায়িক সমাধান তৈরি করে দক্ষিণ এশিয়ার বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় এএসপি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের বাজার গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের সামগ্রিক ব্যবসায়িক অবকাঠামো শক্তিশালীকরণে অঙ্গীকারবদ্ধ এসএপি। গ্রাহক ও অংশীদারদের সঙ্গে নিয়ে দেশের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি। খবর বিজ্ঞপ্তির।গত কয়েক বছরে এসএপি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: বাংলাদেশ ব্যাংক, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, দ্য সিটি ব্যাংক লিমিটেড, এক্সিয়েটা [বাংলাদেশ] লিমিটেড, জেমকন ফুড, এগ্রিকালচার প্রডাক্টস লিমিটেড, শান্তা ডেনিমস, এসিআই লিমিটেড ও অটবি লিমিটেড। এ ছাড়া বাংলাদেশে এসএপির প্রযুক্তিগত সমাধান ব্যবহার করছে কর্ণফুলী ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি, রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেড, ভায়াল্যাটেক্স গ্রুপ, বসুন্ধরা গ্রুপ ইত্যাদি। অনুষ্ঠানে জানানো হয়, স্থানীয় সম্পদের প্রশিক্ষণ এবং উন্নয়নের জন্য এসএপি সম্প্রতি ম্যানেজমেন্ট সলিউশন লিমিটেডকে নিযুক্ত করেছে।