ইলেকট্রনিকস পণ্যনির্মাতা হিসেবে পরিচিত স্যামসাং সম্প্রতি বৈদ্যুতিক বাতি তৈরি শুরু করেছে। তারা দাবি করেছে, নতুন প্রযুক্তির এ বৈদ্যুতিক বাতি দীর্ঘ সময় পর্যন্ত টিকে থাকবে। স্যামসাং কর্তৃপক্ষ বলছে, তাদের তৈরি এলইডি বাতিগুলো ৪০ হাজার ঘণ্টা পর্যন্ত আলো দেবে। আর এই আলোর সময়সীমা সাধারণ বৈদ্যুতিক বাতির তুলনায় ৪০ গুণ বেশি। তবে সাধারণ হিসাবে ৪০ গুণ হলেও প্রায় ৩৬ বছর পর্যন্ত এ বাতি আলো দিতে পারবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এলইডি টেলিভিশন তৈরি করতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়, এ বাতি তৈরিতেও সে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সাধারণ এলইডি বাতিগুলোর চেয়ে স্যামসাংয়ের বাতিগুলোর পার্থক্য হচ্ছে এর দীর্ঘস্থায়িত্ব। স্যামসাং হোম অ্যাপ্লায়েন্সের ভাইস প্রেসিডেন্ট কেভিন ডেক্সটার বলেন, ‘সাধারণ বাতি হচ্ছে সাধারণ বাতিই। কিন্তু স্যামসাংয়ের ডিজিটাল প্রযুক্তির বাতিতে যে এলইডি চিপ, ড্রাইভার বা ইলেকট্রনিকস ব্যবহার করা হয়েছে, তাতে এটি দীর্ঘস্থায়ী বাতি হিসেবে টিকে থাকবে। তা ছাড়া সবচেয়ে বড় কথা, এ বাতি সম্পূর্ণ পরিবেশবান্ধব।’ দীর্ঘস্থায়ী এ বৈদ্যুতিক বাতি তৈরিতে কাজ করছে যুক্তরাষ্ট্রের ‘ইডেন পার্ক’ নামে একটি কোম্পানি। এ কোম্পানি ‘প্লাজমা লাইটিং’ নামের যে প্রযুক্তি উদ্ভাবন করেছে, সে প্রযুক্তিই বাতিতে ব্যবহার করেছে। প্রযুক্তিতে অ্যালুমিনিয়াম ফয়েলের দুটি শিটের মধ্যে পাতলা প্লাজমা স্তর ব্যবহূত হয়। এ প্লাজমা স্তর কাগজের চেয়েও পাতলা। প্লাজমা স্তর হচ্ছে শক্তি সাশ্রয়ী ও পাতলা প্রযুক্তিতে আলোর প্রযুক্তি। স্যামসাংয়ের এ নতুন প্রযুক্তির বাতি সাদা, রঙিন ও অত্যন্ত নমনীয় আলো তৈরি করবে। প্রতিটি বাতিতে খরচ পড়বে ২০ থেকে ৭০ ডলার। কর্তৃপক্ষ আশা করছে, খুব শিগগির এটি বাজারে আসছে। —ডেইলি মেইল অবলম্বনে প্রদীপ সাহা