দুই-ই গুরুত্বপূর্ণ ব্যাকরণ ও নির্মিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। ২০১৩ সালের জেএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্রে ৫০ নম্বর থাকবে। ৫০ নম্বরের মধ্যে দুটি ভাগ—রচনামূলক ও নৈর্ব্যক্তিক অংশ। রচনামূলক অংশে রয়েছে ৩০ নম্বর এবং নৈর্ব্যক্তিক অংশে রয়েছে ২০ নম্বর। নৈর্ব্যক্তিক অংশে ভালো নম্বর পেতে হলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ৮ম শ্রেণীর জন্য নির্ধারিত ‘ব্যাকরণ ও নির্মিতি’ বইটির ‘ব্যাকরণ অংশ’ খুব ভালো করে পড়তে হবে। যাতে ২০ নম্বরের মধ্যে পুরো নম্বরই পাওয়া যায়।

রচনামূলক অংশে রয়েছে:

সারাংশ/সারমর্ম—৫ নম্বর, ভাবসম্প্রসারণ—৫ নম্বর,

অনুধাবন অভীক্ষা/অনুচ্ছেদ

লিখন—৫ নম্বর,

চিঠিপত্র—৫ নম্বর

প্রবন্ধ/রচনা —১০ নম্বর।

সারাংশ বা সারমর্ম: এ অংশে ভালো করতে হলে প্রথমে নির্ধারিত মূল অংশটি দুই-তিনবার পড়ে মূলভাবটি বুঝে নিয়ে সহজ, সরল ও সাবলীল ভাষায় সংক্ষেপে লিখতে হবে। উপমা, উদ্ধৃতি অবশ্যই বর্জন করতে হবে।

ভাবসম্প্রসারণ: ভাবসম্প্রসারণ অধিকাংশ ক্ষেত্রেই কমন পড়ে, না পড়লেও ভয় পাওয়ার কিছু নেই। উদ্ধৃত অংশটি ভালো করে পড়ে মূলভাবটি আগে বুঝে নিতে হবে। তারপর এই ভাবের অর্ন্তনিহিত ও প্রচ্ছন্ন তাৎপর্যকে সহজ ও সাবলীলভাবে বিশ্লেষণের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। এ ক্ষেত্রে তিনটি প্যারা করে লেখা যায়। প্রথম প্যারায়, দুই-তিনটি বাক্যে মূলভাব, দ্বিতীয় প্যারায় বিশ্লেষণ (তথ্যনির্ভর আলোচনা), শেষ প্যারায়, দুই-তিনটি বাক্যে সুচিন্তিত মতামত।

অনুধাবন অভীক্ষা/অনুচ্ছেদ: অনুধাবন অভীক্ষার জন্য প্রদত্ত অনুচ্ছেদটি কয়েকবার পড়ে নিয়ে প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে গুছিয়ে লিখতে হবে। অনুচ্ছেদটি লেখার সময় যে বিষয়টি নিয়ে লিখছ, সেটি সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করবে। সেই সঙ্গে বিষয়বস্তু যাতে অনুচ্ছেদটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। অপ্রাসঙ্গিক বিষয় বাদ দিতে হবে।

পত্রলিখন: পত্র লেখার সময় কাঠামোগত পদ্ধতি মেনে চলবে। বিষয়বস্তু সহজ ভাষায় উপস্থাপন করবে। ব্যক্তিগত পত্রে ও সংবাদপত্রে খাম ব্যবহার করবে।

রচনা/প্রবন্ধ: প্রবন্ধ/রচনা লেখার মান সমৃদ্ধ করতে হলে কয়েকটি রচনা নির্বাচন করে নোট করে নেবে বারবার পড়ে আত্মস্থ করে নেবে যাতে পরীক্ষার হলে গিয়ে দ্রুত লিখতে পারো। একেকটি ভাব, একেকটি অনুচ্ছেদে গুছিয়ে লিখবে এবং অনুচ্ছেদগুলো সংগতিপূর্ণ হতে হবে। এ ক্ষেত্রে শিরোনাম ব্যবহার করতে পারবে।

উত্তর লেখার সময় নিচের বিষয়গুলোর প্রতি বিশেষভাবে লক্ষ রাখতে হবে।

১। উত্তরটি প্রাসঙ্গিক ও যথাযথ হওয়া।

২। উত্তরের ভূমিকা ও উপসংহার আকর্ষণীয় হওয়া।

৩। বানানের প্রতি অবশ্যই সতর্ক থাকতে হবে।

৪। হাতের লেখা সুন্দর ও পরিচ্ছন্ন হওয়া।

৫। উত্তর সহজ ও প্রাঞ্জল ভাষায় লেখা উচিত।

সহযোগী অধ্যাপক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা।