দুই কোটি ডলার অনুদান পেয়েছে উইকিপিডিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া দুই কোটি ডলার অনুদান সংগ্রহ করেছে। সারা বিশ্বের স্বেচ্ছাসেবীদের কাজের মাধ্যমে এগিয়ে চলা বিশ্বের পঞ্চম বৃহত্তম ওয়েবসাইট উইকিপিডিয়ায় বর্তমানে ২৮০টি ভাষায় প্রায় ২০ কোটি নিবন্ধ রয়েছে। ১০ বছর বয়সী উইকিপিডিয়ায় প্রায় ৯০ হাজার স্বেচ্ছাসেবক কাজ করেন এবং গত বছরের নভেম্বর পর্যন্ত প্রায় ৪৭ কোটি চার লাখ আগ্রহী উইকিপিডিয়া দেখেছেন। সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান কমসোর্স ইনকরপোরেটেডের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস শুরু থেকে কোনো ধরনের বিজ্ঞাপন ছাড়াই সাইটটি শুরু করার উদ্যোগ নেন এবং এখনো তা এভাবেই চলছে। মূলত ব্যবহারকারীদের স্বেচ্ছা প্রদত্ত অনুদানেই চলছে বিশ্বের সবচেয়ে বড় এ বিশ্বকোষ।প্রতিবছর ব্যবহারকারীদের কাছ থেকে অনুদান সংগ্রহ করার জন্য প্রচারণা চালানো হয়। সাইটের প্রতিটা ভুক্তির ওপরে ব্যানারে অনুদান প্রদানের সপক্ষে একটি বার্তা থাকে। অনুদান সংগ্রহ শেষে এটি আবার বন্ধ করে দেওয়া হয়। ২০০৩ সাল থেকে এভাবেই অনুদান সংগ্রহ করে আসছে উইকিপিডিয়া। চলতি বছরে সাইটটির মোট ব্যয় ধরা হয়েছে দুই কোটি ৮৩ লাখ ডলার। এর মধ্যে ৮৩ লাখ ডলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনুদান হিসেবে পাওয়া যাবে ধরে বাকি দুই কোটি ডলার অনুদান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অনুদান সংগ্রহের এ লক্ষ্যমাত্রার বিষয়ে উইকিপিডিয়ার মুখপাত্র জে ওয়ালস জানান, ‘আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। কয়েক মাস ধরে চলা আমাদের এ ক্যাম্পেইনে সাড়া দিয়েছেন ১০ লাখের বেশি মানুষ।’ উইকিপিডিয়া ব্লগে জানানো হয়েছে, সংগৃহীত অর্থে উইকিপিডিয়ার বেশ কিছু নতুন সার্ভার ইনস্টল, হার্ডওয়্যার সংযোজন এবং সাইটের উন্নীতকরণে কাজ করা হবে। একই সঙ্গে উইকিপিডিয়ার মোবাইল সেবা বৃদ্ধিতেও এবার বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম