দুই ঘণ্টা অতিরিক্ত কাজের সময় বাড়িয়েছে স্মার্টফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের হাতে স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিক পণ্য আসার কারণে কাজের চাপ বেড়ে গেছে। সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকরা জানিয়েছেন, গড়ে ৯ থেকে ১০ ঘণ্টা কাজের পাশাপাশি আরও বাড়তি দুই ঘণ্টা সময় ব্যয় হচ্ছে ইলেকট্রনিক পণ্য ব্যবহারের কারণেই। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল। যুক্তরাজ্যের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান পিক্সম্যানিয়ার করা এক গবেষণায় দেখা গেছে, দেশটির অফিসে কাজ করেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে কাজের সময়ের পাশাপাশি বাড়তি সময় ব্যয় হচ্ছে অফিস সংক্রান্ত ইমেইল, মুঠোফোনের কলের উত্তর দিতে। গবেষণায় দেখা গেছে, মোবাইল যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের কারণেই গড়ে দুই ঘণ্টা করে বাড়তি কাজ করতে হচ্ছে। পিক্সম্যানিয়ার বিপণন পরিচালক হোবেইকা এ প্রসঙ্গে জানিয়েছেন, স্মার্টফোনের ব্যবহার মানুষের জীবনে অসংখ্য সুবিধা তৈরি করার পাশাপাশি তৈরি করেছে উল্লেখযোগ্য কিছু অসুবিধাও। স্মার্টফোন ব্যবহারের অর্থ দাঁড়িয়েছে, মানুষ এখন আর তাঁর কাজ থেকে অবসর পাচ্ছে না। যুক্তরাজ্যে চালানো পিক্সম্যানিয়ার জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে প্রতি দশজনের মধ্যে একজন স্মার্টফোন ব্যবহার করার কারণে অন্তত তিন ঘণ্টা অতিরিক্ত সময় কাজ করার তথ্য দিয়েছেন। জরিপে অংশগ্রহণকারীদের অধিকাংশ মানুষ সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে স্মার্টফোনে কাজ করা শুরু করেন আবার রাত ১২ টার পর ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত স্মার্টফোন ব্যবহার করে কাজের মধ্যেই থাকেন।