দুই ঘণ্টার বেশি টিভি দেখা ক্ষতিকর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা প্রতিদিন টানা দুই ঘণ্টারও বেশি সময় ধরে টেলিভিশন দেখেন তাঁদের হূদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে দ্বিগুণ এবং তাঁদের মৃত্যুঝুঁকিও অনেক বেশি। মার্কিন গবেষকেরা গবেষণা করে এ তথ্য পেয়েছেন। গত সোমবার তাঁদের এ গবেষণার ফল আমেরিকান কলেজ অব কার্ডিওলজির সাময়িকীতে প্রকাশিত হয়। গবেষকেরা বলেন, ‘অবসর সময়টা আমরা কীভাবে কাটাচ্ছি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এ সময়টা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোনো কিছুই করা উচিত নয়।’ গবেষণা দলের নেতা ইউনিভার্সিটি কলেজ লন্ডনের শিক্ষক ইমানুয়েল স্টামাটাকিস বলেন, ‘অনেকেই আছেন কাজ থেকে ফিরে রিমোট কন্ট্রোল যন্ত্র নিয়ে টেলিভিশনের সামনে বসে পড়েন। ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেন টিভি দেখে। কিন্তু এটা আমাদের স্বাস্থ্য, বিশেষ করে হূৎপিণ্ডের জন্য ক্ষতিকর। দীর্ঘ সময় ধরে অলস বসে থাকলে হূদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।’ গবেষকেরা চার হাজার ৫১২ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর এ গবেষণা চালান। এতে দেখা গেছে, যাঁরা দুই ঘণ্টার কম সময় টেলিভিশন দেখেন, তাঁদের তুলনায় যাঁরা দুই ঘণ্টার বেশি সময় টেলিভিশন দেখে তাঁদের যেকোনো রোগে মৃত্যুর ঝুঁকি ৪৮ শতাংশ বেশি। আর হূদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ১২৫ শতাংশ বেশি। ইমানুয়েল স্টামাটাকিস বলেন, দীর্ঘ সময় ধরে অলস বসে থাকলে তা মানবস্বাস্থ্যের ওপর কী ধরনের প্রভাব ফেলে, তা নিয়ে আরও গবেষণা করার ইচ্ছে তাঁর রয়েছে। কেননা এটা খুবই জরুরি। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান