দুই চাকায় ১০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিসাইক্লিস্ট সংগঠনের ১০০তম সপ্তাহ পূর্তিতে দেখা যায় এমন দৃশ্য। ছবি: অধুনা
বিডিসাইক্লিস্ট সংগঠনের ১০০তম সপ্তাহ পূর্তিতে দেখা যায় এমন দৃশ্য। ছবি: অধুনা

চারদিকে উৎসবমুখর পরিবশে। সকাল সাতটায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের সামনে শত শত সাইকেলারোহী। কেউ সাইকেলের চাকায় হাওয়া দিচ্ছেন। কেউবা শেষ মুহূর্তে দেখে নিচ্ছেন নিজের দুই চাকার যান। মাসের শেষ শুক্রবার বাদে প্রতি শুক্রবার তাঁরা এখানে মিলিত হন। এদিন এই সাইকেলারোহীদের একসঙ্গে হওয়ার একটা বিশেষ উদ্দেশ্য ছিল। ২৪ জানুয়ারি বিডিসাইক্লিস্ট সংগঠনের ১০০তম সপ্তাহ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে কেরানীগঞ্জের ঘাটেরচর প্রাথমিক বিদ্যালয়ে যান তাঁরা।
কেক কেটে তাঁরা অনুষ্ঠান শুরু করেন। তারপর সাইকেলারোহীদের নিয়ে শুরু হয় নানা রকমের প্রতিযোগিতা। এসবের মধ্যে ছিল স্লো রেস, স্পুন রেস, ব্লাইন্ড ফোল্ড, গো স্ট্রেইট ও জিগজ্যাগ গেম। সবশেষে আবার স্লোগান দিয়ে দুপুর ১২টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিডিসাইক্লিস্টের মডারেটর নূর-এ-নাজিয়া বলেন, ‘ঢাকার যেসব রাস্তা চওড়া, সেগুলোয় সাইকেলারোহীদের জন্য আলাদা লেন দরকার। তাহলে কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকবে না। এ ছাড়া আমরা জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চিন্তাভাবনা করছি।’
সাইকেলারোহীদের জন্য হেলমেট বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া গ্রুপের আরও কিছু আয়োজন আছে—বললেন নূর-এ-নাজিয়া।আরও জানালেন প্রতি শনিবার ঢাকার আবাহনী মাঠে সকাল সাতটায় ‘বিগিনারস লেসন’-এর মাধ্যমে নতুন ছেলেমেয়েদের বিনা মূল্যে সাইকেলারোহণ শেখানো হয়। এতে সংগঠনের পক্ষ থেকেই সাইকেল সরবরাহ করা হয়।
২০১১ সালের মে মাসে যাত্রা শুরু করে বিডিসাইক্লিস্ট সংগঠন। এখন এই সংগঠনের সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি।