দুই ধাপের যাচাই, রয়েছে ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইন্টারনেট দুনিয়ায় বিভিন্ন অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য দুই ধাপের যাচাইবাছাই বা টু-স্টেপ ভেরিফিকেশন বেশ জনপ্রিয়। কিন্তু খুদে বার্তার মাধ্যমে ভেরিফিকেশন কোড ব্যবহারে গুগল চলতি মাস থেকে তাদের ব্যবহারকারীদের নিরুৎসাহিত করছে। খুদে বার্তায় পাওয়া প্রাপ্ত ৬ হরফের সাংকেতিক সংখ্যা ব্যবহারের পরিবর্তে গুগল অ্যাপে পাওয়া যাবে ‘প্রম্পট’। আর তা ব্যবহার করতে বলছে গুগল। এর মূল কারণ হলো খুদে বার্তার চেয়ে প্রম্পট ব্যবহার করে অ্যাকাউন্টে ঢোকা (সাইন ইন) বেশি নিরাপদ।

টু-স্টেপ ভেরিফিকেশন কী?

টু-স্টেপ ভেরিফিকেশন আমাজন, অ্যাপল, গুগল, ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটারের মতো অনলাইন অ্যাকাউন্টে প্রবেশের ক্ষেত্রে বাড়তি এক ধাপ নিরাপত্তা দিয়ে থাকে। যেখানে প্রথম ধাপ হলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়া এবং দ্বিতীয় ধাপ হলো খুদে বার্তার মাধ্যমে প্রাপ্ত কোড বা অথেনটিকেশন অ্যাপের মাধ্যমে প্রাপ্ত প্রম্পট। যার অর্থ হলো কোনো হ্যাকার যদি আপনার অ্যাকাউন্টে ঢুকতে চায়, তাহলে পাসওয়ার্ড ও ফোন দুটোই চুরি করতে হবে।

খুদে বার্তায় পাঠানো কোড কেন অনিরাপদ?

টু-স্টেপ ভেরিফিকেশনে খুদে বার্তায় প্রাপ্ত যাচাই কোড ব্যবহার করলে হ্যাকাররা আপনার ফোন চুরি করে তা বের করে নিতে পারবে। তা ছাড়া আপনি যদি সিম পরিবর্তনও করেন তাও বিষয়টি অবগত হতে পারবে তারা। ফোন নম্বর আর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত নিরাপত্তা নম্বরের শেষ চার সংখ্যা ব্যবহার করেও হ্যাকাররা আপনার তথ্য হাতিয়ে নিতে পারে। সে ক্ষেত্রে আপনার ব্যবহৃত ওই ফোনেরও প্রয়োজন পড়বে না। অন্যদিকে খুদে বার্তার কোড যদি ল্যাপটপ বা ট্যাবলেটের সঙ্গে সংযুক্ত থাকে তাহলেও ওই সব যন্ত্রের মাধ্যমে হ্যাকাররা আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে। মোবাইল অপারেটরদের সিস্টেমেও রয়েছে দুর্বলতা। এসএস৭ নামের একধরনের আক্রমণের মাধ্যমে হ্যাকাররা সিম ব্যবহার করে ফোনে আড়ি পাততে সক্ষম হয়।

করণীয়?

গুগল অথেনটিকেটর, মাইক্রোসফট অথেনটিকেটর বা অথির মতো অথেনটিকেশন অ্যাপ ব্যবহার করতে হবে।

মারিফুল হাসান, সূত্র: সিনেট