দুই পর্দার মোবাইল ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোনে দুটি পর্দা, অর্থাৎ ডুয়াল স্ক্রিন মোবাইল ফোন তৈরির ধারণাটি নতুন না হলেও সম্প্রতি মাইক্রোসফট করপোরেশন এ ধরনের মোবাইল ফোন তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে এবং এটি তৈরির জন্য ইতিমধ্যে পেটেন্টও করিয়েছে। স্প্রিন্টের তৈরি অ্যানড্রয়েড ফোন ‘কায়োচেরা ইকো’ ও ‘সনি এস-টু’ ট্যাবলেটগুলো দুই পর্দার।তবে মাইক্রোসফটের তৈরি এই নতুন মোবাইল ফোনটি হবে সম্পূর্ণই আলাদা। মজার ব্যাপার হচ্ছে, ডুয়াল স্ক্রিনের এই মোবাইল ফোনটিতে দুটি স্ক্রিনই আলাদা করে ফেলা যাবে এবং ব্যবহারও করা যাবে আলাদাভাবে। তা ছাড়া এটি মাইক্রোসফটের গেম খেলার যন্ত্র এক্সবক্স ব্যবহার করে দূর থেকেই নিয়ন্ত্রণ করা যাবে। শুধু তা-ই নয়, একটি পর্দায় যখন কথা বলার কাজ চলবে, তখন অন্য ডিসপ্লেটিতে একই সঙ্গে ভিডিও চ্যাটও করা যাবে। আর যখন সেটটি ব্যবহার বন্ধ থাকবে, তখন একসঙ্গে দুটি ডিসপ্লেই বন্ধ রাখা যাবে। এই ডুয়াল স্ক্রিন মোবাইল ফোনটিতে কোনো বাটন থাকবে না। মাইক্রোসফট কর্তৃপক্ষ এরই মধ্যে এই মোবাইল ফোনটি তৈরির নকশাও করে ফেলেছে। তবে ডুয়াল স্ক্রিনের এই মোবাইল ফোনটির জন্য পেটেন্ট করা হলেও এটি ঠিক কবে বাজারে আসবে কিংবা এর দাম কত হবে, সে বিষয়ে মাইক্রোসফট এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। —টেক টু অবলম্বনে প্রদীপ সাহা