দুই প্রান্তে দুই মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটার মেলা মানেই তরুণ প্রজন্ম। বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১৪
কম্পিউটার মেলা মানেই তরুণ প্রজন্ম। বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১৪

কম্পিউটার আর প্রযুক্তি পণ্য ক্রেতাদের এখন যেন পোয়াবারো। রাজধানীর দুই প্রান্তে একসঙ্গে চলছে দুটি বড় কম্পিউটার মেলা। আগারগাঁওয়ে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটিতে চলছে এর বার্ষিক মেলা ‘সিটি আইটি ২০১৪’ আর প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কে চলছে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) কম্পিউটার ও মোবাইল ফোনের মেলা ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১৪।’ দুটি মেলাই শুরু হয়েছে গত মাসের শেষ দিকে। আর শেষ হবে আগামীকাল ৮ মার্চ। এই দুই মেলার কথা জানা যাক এবার।

সিটি আইটি ২০১৪
১৯৯৯ সালে সিটি আইটি মেলার মাধ্যমে আইডিবি ভবনে যাত্রা শুরু হয়েছিল বিসিএস কম্পিউটার সিটির। এরপর থেকে প্রতিবছরই এ মেলার আয়োজন চলছে। রাজধানীর প্রযুক্তিপ্রেমীদের ভালোই টানতে পেরেছে এ মেলা। এবারও জমজমাট কম্পিউটার সিটিতে ঢুকেই চোখে পড়ে বিশাল একটি মঞ্চ, এখানে প্রতিদিনই চলে নানা আয়োজন। বিকেলে অনুষ্ঠান হয় গুণীজন ও তারকাদের নিয়ে।
প্রযুক্তি পণ্যের প্রদর্শনী, বিকিকিনি তো মেলার মূল বিষয়, কিন্তু স্থায়ী বাজারে মেলার সময় বাড়তি কিছু দিতে থাকে বিভিন্ন আয়োজন আর প্রতিযোগিতা। ১০ টাকা দামের প্রবেশ টিকিটের ওপর প্রতিদিনই রাখা হয়েছে পুরস্কার। 

কম্পিউটার সিটির দ্বিতীয় তলায় কথা হলো মিরপুর থেকে আসা রেজোয়ান ইসলামের সঙ্গে। তিনি পেশায় একজন আলোকচিত্রী, কাজের সুবিধার জন্য একটি ল্যাপটপ কিনেছেন। বললেন, ‘পেশাগত কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়। অনেক সময় ছবি হস্তান্তর করতে দেরি হয়ে যায়, এখন সমস্যাটির স্থায়ী সমাধান হয়ে গেল।’ প্রিতম কুমার এসেছেন ধানমন্ডি থেকে। বললেন, ‘নতুন প্রযুক্তি পণ্যের সঙ্গে পরিচিত হওয়ার জন্য মেলায় এসেছি। একটি ট্যাবলেট পছন্দ হয়েছে, কিনব কি না সিদ্ধান্ত নিচ্ছি!’
বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, মেলার বৈশিষ্ট্যই হলো বিনোদন এবং বিপণন। শনিবার মেলার মঞ্চে একটি নাটকও মঞ্চস্থ হবে। টি-২০ বিশ্বকাপের খেলাকে উপজীব্য করে এবারের মেলার আয়োজন করা হয়েছে। ট্যাবলেট পিসির ওপরে তরুণদের আগ্রহ একটু বেশি। বেচা-বিক্রি অন্য বছরের তুলনায় ভালো।

দর্শকদের আকর্ষণ নতুন প্রযুক্তির দিকে। সিটিআইটি ২০১৪। ছবি: খালোদ সরকার
দর্শকদের আকর্ষণ নতুন প্রযুক্তির দিকে। সিটিআইটি ২০১৪। ছবি: খালোদ সরকার

বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১৪
মূলত যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলায় একটি তথ্যপ্রযুক্তির বাজার গড়তে চায় বিসিএস। আর সেটা মেলার মাধ্যমে। আড়াই লাখ বর্গফুট জায়গাজুড়ে চলছে ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১৪’। এটা আবার শুধু কম্পিউটার নয়, মোবাইল ফোনেরও মেলা। মেলায় আছে ৯৫টি স্থায়ী প্রতিষ্ঠান আর অস্থায়ী স্টল ৫৮টি। বাজার তৈরির প্রস্তুতি চলছে, তাই বেশ কিছু দোকান এখনো চালু হয়নি। তবে মেলা প্রাঙ্গণকে আলাদা আলাদা ভাগে করা হয়েছে। এগুলোর মধ্যে আছে ইভেন্ট কর্নার, ডিজিটাল এডুকেশন জোন, ভার্চুয়াল গেমিং জোন ইত্যাদি।
মেলায় ঢুকে প্রথম লেন পার হয়েই দেখা হলো সুলতান মাহমুদের সঙ্গে, এসেছেন উত্তরা থেকে। আট বছরের স্কুলপড়ুয়া ভাগনে সোহানকে নিয়ে এসেছেন মেলায়। বললেন, ‘ও খুব আগ্রহ করে এটা-ওটা দেখছে আর প্রশ্ন করছে। আমি ওকে বুঝিয়ে বলছি, কোনটা কী কাজে লাগে।’ আক্তারুজ্জামান এসেছেন মহাখালী থেকে। বললেন, ‘এটা আমার দেখা প্রথম কোনো প্রযুক্তি মেলা। আমি ঢাকায় এসেছি বেড়াতে, মেলায় এসে অনেক কিছু সম্পর্কে জানতে পারলাম।’
মেলার আহ্বায়ক শাহীদ-উল মুনির প্রথম আলোকে বলেন, ‘সবাইকে নতুন এই তথ্যপ্রযুক্তি বাজারের সঙ্গে পরিচয় করানোই ছিল এবারের মেলার উদ্দেশ্য। বিক্রি মোটামুটি ভালোই হচ্ছে, আশা করছি শুক্র ও শনিবারে বিকিকিনি আরও বেড়ে যাবে।’
দুই মেলাতেই প্রযুক্তি পণ্যের ওপর রয়েছে বিশেষ মূল্য ছাড় ও উপহার। নতুন প্রযুক্তি পণ্যও এনেছেন বিক্রেতারা। এই সময়ের জীবনযাপন প্রযুক্তির বাইরে নয়। তাই বিভিন্ন বয়সের নানা শ্রেণী ও পেশার মানুষ প্রতিদিনই আসছেন মেলায়। তবে শিক্ষার্থীরাই যেন মেলার প্রাণ। কেউ কিনছেন, কেউ দেখছেন, কেউ তথ্য নিচ্ছেন; অংশগ্রহণ করছেন মেলার সব ব্যতিক্রমী আয়োজনে।