দুই বছর পেরিয়ে বেশতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলা ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যম বেশতো (www.beshoto.com) দুই বছর পূর্ণ করেছে। গতকাল ২৮ ফেব্রুয়ারি ঢাকায় বেশতোর নিজস্ব কার্যালয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বেশতোর সহপ্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুর। তিনি বলেন, ‘বাংলা ভাষার এই সামাজিক মাধ্যম ইতিমধ্যে বেশ সাড়া জাগিয়েছে। গত দুই বছরে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নজর কাড়তে পেরেছে বেশতো। এখন বেশতোর ৭৫ হাজার নিবন্ধিত ব্যবহারকারী রয়েছেন। নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ।’

দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপনে নানা আয়োজন করেছে বেশতো। ব্যবহারকারীদের জন্য এক মিলনমেলা ও আড্ডার আয়োজন করা হয়। বেশতো দেশীয় সংস্কৃতি ও জীবনযাত্রা তুলে ধরে। অনুষ্ঠানে জানানো হয় খুদে ব্লগ লেখার বাড়তি রূপ নিয়ে এগিয়ে যাচ্ছে বেশতো। এখানে ব্যবহারকারীরা কথা, ছবি, কৌতুক, খবর দেওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, প্রশ্ন ইত্যাদি করতে পারেন।

ইতিমধ্যেই বেশতো ওয়েবসাইট ব্যবহারের দিক থেকে দেশের প্রথম ১০০টি সাইটের মধ্যে স্থান করে নিয়েছে। সম্প্রতি এর মোবাইল সংস্করণ চালু হওয়ায় ৫০ শতাংশেরও বেশি গ্রাহক মোবাইল ফোন থেকে এটি ব্যবহার করছেন। খুব শিগগিরই বেশতোর অ্যাপ চালু করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেশতোর সহপ্রতিষ্ঠাতা ফখরুজ্জামান, তামজিদ সিদ্দিকী ও মোবাশ্বের হোসেন।