দুই বছরে চার কোটি'গ্যালাক্সি নোট'বিক্রি!

স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের বড় মাপের স্মার্টফোন ‘নোট’ বাজারে আনার দুই বছরের মধ্যে চার কোটি ইউনিট বিক্রি হয়েছে। গ্যালাক্সি নোটের ক্ষেত্রে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ২০১২ সালে বাজারে আসা ‘নোট টু’।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইল জানিয়েছে, দুই সপ্তাহ আগে নোট সিরিজে মোট তিন কোটি ৮০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রির তথ্য জানিয়েছিল স্যামসাং। গত দুই সপ্তাহে ২০ লাখ ইউনিট নোট বিক্রি হয়েছে। এ সময়ের মধ্যে গ্যালাক্সি ‘নোট থ্রি’ স্মার্টফোনটি উন্মুক্ত করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের সঙ্গে তুলনা করলে বছরের তৃতীয় প্রান্তিক অর্থাত্ জুলাই থেকে সেপ্টেম্বর এ তিন মাসে তিন কোটি ১২ লাখ ইউনিট আইফোন বিক্রি করেছে অ্যাপল।
বড় মাপের স্মার্টফোনের বাজার নিয়ে বাজার বিশ্লেষকেরা আগে থেকে সংশয় প্রকাশ করেছিলেন। স্যামসাংয়ের সাড়ে পাঁচ ইঞ্চি মাপের গ্যালাক্সি নোট টু বাজারে জনপ্রিয়তা পাবে না-এমন আশঙ্কা করলেও তা সত্যি হয়নি। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে বাজারে আনা গ্যালাক্সি নোট টু দুই মাসের মধ্যে ৫০ লাখ ইউনিট বিক্রি হয়েছিল।
২০১৩ সালের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে গ্যালাক্সি নোট থ্রি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্যামসাংয়ের প্রধান নির্বাহী জেকে শিন। মোট এক কোটি ইউনিট ‘নোট থ্রি’ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের বাজারে আজ ১ অক্টোবর ‘নোট থ্রি’ স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছে স্যামসাং। দেশের বাজারে এ স্মার্টফোনটির দাম ৬৯ হাজার ৯০০ টাকা। বাংলাদেশের বাজারে এ স্মার্টফোনটি জনপ্রিয়তা পাবে বলে আশা করছে স্যামসাং বাংলাদেশ কর্তৃপক্ষ। নোট থ্রি হচ্ছে অ্যান্ড্রয়েডনির্ভর পাঁচ দশমিক সাত ইঞ্চি মাপের স্মার্টফোন; যাতে রয়েছে তিন গিগাবাইট র্যাম ও কোয়াড কোরের প্রসেসর। এতে আরও রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।