দুই বছরে দুই সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০১২-১৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের পর নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে বিসিএসের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ফয়েজউল্যাহ খান। এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মইনুল ইসলাম, মহাসচিব মো. শাহিদ-উল-মুনীর ও কোষাধ্যক্ষ জাবেদুর রহমান। বিসিএসের পরিচালক পদে আছেন মোস্তাফা জব্বার, এ টি শফিক উদ্দিন আহমেদ ও মুজিবুর রহমান। নবনির্বাচিত সভাপতি মো. ফয়েজউল্যাহ খান এ সময় ঘোষণা দেন পারস্পরিক সমঝোতা ও সংগঠনের স্বার্থে তিনি দুই বছর মেয়াদি কমিটির প্রথম এক বছর সভাপতির দায়িত্ব পালন করে পরবর্তী এক বছরের জন্য মইনুল ইসলামকে সভাপতি হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেবেন।কমিটির বিদায়ী সভাপতি মোস্তাফা জব্বার বলেন, নতুন সভাপতির হাত থেকেই আমি সভাপতি হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছিলাম আবার তাঁর হাতেই সভাপতির দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি, যা সত্যিই আনন্দের।নতুন সভাপতি মো. ফয়েজউল্যাহ খান প্রথম আলোকে বলেন, সংগঠনের স্বার্থে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়তে দেশের বিভিন্ন সংগঠনের পাশাপাশি বিদেশি সংগঠনের সঙ্গেও কাজ করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধানের কথাও বলেন তিনি। বাণিজ্য সংগঠন বিধিমালা এবং কম্পিউটার সমিতির সংঘবিধি অনুসারে এবারের নির্বাচনে ওই সমিতির ৬৮৯ জন ভোটারের মধ্যে ৫৯২ জন ভোট দেন। —নিজস্ব প্রতিবেদক