দুই বছরের মধ্যেই বাসযোগ্য আরেক পৃথিবী !
গবেষকেরা পৃথিবীসদৃশ গ্রহ খুঁজে পাওয়ার কথা এর আগে জানালেও মানুষের বসবাস উপযোগী কোনো গ্রহের সন্ধান তাদের জানা ছিল না। অবশ্য ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) গবেষকেরা ধারণা করছেন, বছর দুয়েকের মধ্যেই মানুষের বাসযোগ্য কাঙ্ক্ষিত আরেকটি পৃথিবীর সন্ধান পাবেন তাঁরা।নাসার গবেষকেরা এযাবত্কালে সাড়ে সাত শরও বেশি পৃথিবীসদৃশ গ্রহের খোঁজ পেয়েছেন। এগুলো ছাড়াও নাসার কেপলার স্পেস টেলিস্কোপ ব্যবহার করে দুই হাজার ৩০০টি গ্রহ, নক্ষত্র শনাক্ত করা হয়েছে। যেগুলো নিয়ে এখনো গবেষণা চলছে এবং অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এতগুলো গ্রহের মধ্যেও প্রাণধারণের উপযোগী কোনো গ্রহ বা পরিবেশ সম্পর্কে এখনো নিশ্চিত করতে পারেননি বিজ্ঞানীরা।অবশ্য নাসার গবেষক শ্যন ডোমাগাল-গোল্ডম্যান জানিয়েছেন, আর মাত্র দুই বছরের মধ্যেই এ আকাঙ্ক্ষা পূর্ণ হতে যাচ্ছে। ২০১৪ সালের মধ্যেই নাসার কেপলার ব্যবহার করে মানুষের বসবাস উপযোগী গ্রহের সন্ধান দিতে পারবেন গবেষকেরা। গ্রহ থেকে প্রতিফলিত আলোক রশ্মি বিশ্লেষণ করে খুঁজে নেওয়া যাবে আরেক পৃথিবী। নতুন পৃথিবী খোঁজার জন্য তাঁরা কেপলারের অনুসন্ধান প্রকল্পকে আরও দীর্ঘায়িত করেছেন।