
আজ বব ডিলানের জন্মদিন। ১৯৪১ সালের ২৪ মে জন্মগ্রহণ করেছিলেন তিনি। এখনো দিব্যি শুনিয়ে যাচ্ছেন গান, এঁকে যাচ্ছেন ছবি। বিশ-একুশ মিলিয়ে দুই শতকের ৫০ বছরের বেশি সময় ধরে জনপ্রিয়তাকে রেখেছেন হাতের মুঠোয়। ডিলানের ‘ব্লোয়িন ইন দ্য উইন্ড’ কিংবা ‘রোলিং স্টোন’-এর সুধায় মন ভেজায়নি, এমন ইংরেজি গানের শ্রোতা কি একজনও পাওয়া যাবে? গান গেয়েছিলেন ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় নিউইয়র্কে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশে।
আরও এক বব—বব মার্লে মারা যান এ মাসের ১১ তারিখে, ১৯৮১ সালে। মার্লের চেহারা ভেসে উঠলেই ‘বাফেলো সোলজার’, ‘নো উইম্যান নো ক্রাই’-এর সুরমূর্ছনায় চট করে ডুবে যাওয়া যায়। মার্লে নামটা উচ্চারিত হলেই ওই রিদম বা তাল-ছন্দ-লয় যেন শরীরে সংক্রমিত হয়। তাঁদের দুজনকে স্মরণ করেই আজকের এই আয়োজন।
ডিলান উবাচ
যা তুমি বোঝো না, তার সমালোচনা কোরো না।
একজন সফল মানুষ সকালে ঘুম থেকে ওঠে আর রাতে ঘুমাতে যায়; মাঝখানের সময়টায় যা মন চায়, তা-ই করে।
যখন তোমার কিছুই থাকে না, তখন তোমার হারানোরও কিছু নেই।
একই সঙ্গে বুদ্ধিমান থাকা আর প্রেমে পড়া অসম্ভব।
আমি তাকে আমার হূৎপিণ্ড দিয়েছিলাম, কিন্তু সে চেয়েছিল আমার হূদয়।
রাজনীতিবিদেরা সমস্যা সমাধান করার চেয়ে সমস্যা সৃষ্টি করতে বেশি পছন্দ করে।
আমি যখন খবর দেখি, তখন মনে হয় যারা পৃথিবীটা চালাচ্ছে, তারা কোনো দিন সংগীতচর্চা করেনি।
নীতি আর রাজনীতি যোজন যোজন দূরে অবস্থান করে।

বাঁক নেওয়া সময়ের বব
বব ডিলানকে নিয়ে ২০৮ মিনিটের একটি তথ্যচিত্র বানিয়েছেন চলচ্চিত্রকার মার্টিন স্করসিস। ২০০৫ সালে ছবিটি প্রথম প্রদর্শিত হয়। ছবিটির নাম নো ডিরেকশন হোম। গত শতকের ষাটের দশক তো নানা ঘটনাতেই অবিস্মরণীয়। বব ডিলানের জন্যও সময়টি বাঁক নেওয়ার। ১৯৬১ থেকে ১৯৬৬ সালের মধ্যেই একজন লোকশিল্পী থেকে প্রতিবাদী প্রজন্মের কণ্ঠস্বর হয়ে উঠেছেন বব ডিলান। লোকজ আর রক এন রোল মিলিয়ে দিয়ে যে গান করলেন, ষাটের দশকে ডিলানকে তা নিয়ে গেল জনপ্রিয়তার তুঙ্গে। স্করসিস সে সময়টাকেই ধরলেন ডিলানকে নিয়ে তৈরি ছবিটিতে।


সাদা বাবা-কালো মা
বব মার্লের বাবা নরভ্যাল সিনক্লিয়ার মার্লের পূর্বপুরুষেরা জ্যামাইকায় এসেছিলেন যুক্তরাজ্যের সাসেক্স থেকে। নরভ্যাল বড় হওয়ার পর রয়্যাল মেরিনের ক্যাপ্টেন হন। নরভ্যাল বিয়ে করেন ১৭ বছর বয়সী কালো মেয়ে সেডেলা ম্যালকমকে (বুকার), তখন সেডেলার পেটে বব। সেডেলা আর ছেলে বব মার্লের কাছে খুব কম আসতেন নরভ্যাল, তবে তিনি আর্থিক সহায়তা দিয়ে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত। ৭০ বছর বয়সে ১৯৫৫ সালে মারা যান নরভ্যাল। বব মার্লে বলেছেন, ‘আমার বাবা সাদা আর মা কালো। আমাকে হাফ-বর্ণ বা যেকোনো নামেই ডাকা হতো। আমি গভীরভাবে কোনো একটি বর্ণের দিকে ঝুঁকিনি। আমি কৃষ্ণাঙ্গ বা শ্বেতাঙ্গ—কারও ভেতরেই ঢুকিনি। আমি ঈশ্বরের দিক নিয়েছি, তিনিই আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে কালো আর সাদার মাধ্যমে পৃথিবীতে এনেছেন।

ফুটবলার মার্লে
গান তো মার্লের প্রাণই, কিন্তু ফুটবলকেও মার্লে ভালোবেসেছিলেন দারুণভাবে। পায়ের কারুকাজে ফুটবলেও শিল্পের পরশ ছোঁয়াতেন এই কিংবদন্তি র্যাগ তারকা। ১৯৭৯ সালে মার্লে একবার বলেছিলেন, ‘ফুটবল দারুণ শক্তি দেয়। ফুটবলই এক বিশাল পৃথিবী।...মুক্তি। ফুটবল মানেই মুক্তি।’
ফুটবলে পায়ের টোকা দিতে সব সময়ই পছন্দ করতেন মার্লে। সেটা কোনো ট্যুরে গিয়ে হোক, কী রেকর্ডিং স্টুডিওতে হোক। টেলিভিশনে খেলা দেখতেন তন্ময় হয়ে। ব্রাজিলের সান্তোস ছিল তাঁর প্রিয় ফুটবল দল। আর প্রিয় খেলোয়াড়? চোখ বুজে পেলে। সান্তোসেই তো ১৫ বছর বয়সে পেলে খেলতে শুরু করেছিলেন।
ব্রাজিলে যখন গেলেন মার্লে, ১৯৭০ সালে, তখন বেশ ফুটবল খেলতে ইচ্ছে হলো তাঁর। সংগীতজগতের কয়েকজন, কিছু পথশিশু, রেকর্ডিং স্টুডিওর কর্মীদের সঙ্গে সে খেলায় উপস্থিত থাকলেন পাওলো সেজার—১৯৭০ সালে ব্রাজিল দলের সদস্য! বব মার্লেকে দেওয়া হলো সান্তোসের ১০ নম্বর জার্সি। যখন সেই জার্সি গলিয়েছেন শরীরে, তখন আশপাশে ফিসফিস, ‘একেবারে পেলের মতো, যে পজিশনেই দাও, ঠিকই উতরে যাবে!’

ভালোবাসা নিয়ে মার্লে
‘তুমি তার জীবনের প্রথম, শেষ বা একমাত্র নাও হতে পার। সে আগেও ভালোবেসেছে বা সামনে আবার ভালোবাসবে। কিন্তু সে যদি তোমাকে এই মুহূর্তে ভালোবাসে, তাতে ক্ষতি কী? সে হয়তো পুরো খাঁটি নয়, তুমিও তো নও। তোমরা দুজন মিলেও হয়তো পুরো খাঁটি হতে পারবে না, কিন্তু সে যদি তোমার মনে আনন্দ দিতে পারে, সে যদি তোমাকে একটি বিষয়ে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করে, তোমাকে মানবিক করে তোলে এবং সে যদি ভুলও করে, তুমি তাকে ধরে রাখো আর তাকে সবকিছু দাও, যা তোমার আয়ত্তে আছে। সে হয়তো প্রতিটি মুহূর্তে তোমার কথা ভাববে না, কিন্তু সে তোমাকে তার নিজের একটা অংশ দিয়ে দেবে, যা তুমি ভাঙতে পারো, সেটা তার হূদয়। তাই তাকে কষ্ট দিয়ো না, তাকে বদলে ফেলো না, তার কার্যকলাপ কষ্টিপাথরে যাচাই করতে বোসো না এবং সে যতটুকু দিতে পারে, তার থেকে বেশি চেয়ো না। সে যখন তোমাকে সুখী করে, তখন হাসো। তাকে বুঝতে দাও, সে তোমাকে কখন পাগল করে দেয় এবং যে সময় সে তোমার কাছে থাকে না, তখন তাকে মিস কোরো।’