ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অপটিক্যাল ফাইবার কেব্ল কেটে যাওয়া ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় দুর্ভোগে পড়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়সহ ত্রিশাল উপজেলার সব টেলিফোন সংযোগও বন্ধ রয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চার লেনের কাজ শুরু হওয়ায় মহাসড়কের পাশ দিয়ে যাওয়া এসব তার কাটা পড়েছে। অপটিক্যাল ফাইবার তারের মাধ্যমে বিটিসিএল থেকে সরাসরি সংযোগ নেওয়া বিশ্ববিদ্যালয়ের উচ্চগতির ইন্টারনেট সংযোগটি বন্ধ হয়ে থাকায় শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। কম্পিউটার ল্যাবে এখন মুঠোফোনভিত্তিক ইন্টারনেট সংযোগ শুধু ব্যবহার করা যাচ্ছে।এর গতি ধীর হওয়ায় শিক্ষার্থীদের সব চাহিদা মিটছে না।বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান এ এইচ এম কামাল জানান, বিটিসিএলের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলছে তার মেরামত করা হবে। এ অবস্থায় দুই মাস পার হলো। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার ৫০০ শিক্ষার্থী ও ২০০ শিক্ষক-কর্মচারী এই ইন্টারনেট ব্যবহার করত। এ ছাড়া শিক্ষার্থীরাও ক্যাম্পাসের ভেতর তারহীন ইন্টারনেট ব্যবহার করতে পারতেন। এখন মডেমের মাধ্যমে ব্যক্তিগতভাবে ব্যবহার করতে হচ্ছে। শুধু ফাইবার অপটিক কেব্ল নয়, ত্রিশালে টেলিফোন সংযোগের তারও বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।ত্রিশাল টেলিফোন এক্সচেঞ্জ অফিস সূত্রে জানা যায়, তার কাটা পড়ায় ত্রিশাল ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জের তিন শতাধিক ধারণক্ষমতাসম্পন্ন টেলিফোন এক্সচেঞ্জের সব ফোন বন্ধ রয়েছে দীর্ঘ দুই মাস ধরে। ত্রিশাল টেলিফোন এক্সচেঞ্জের সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান গতকাল বুধবার জানান, মেরামতের কাজ চলছে। সংযোগ চালু করতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে। —আলমগীর কবীর, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি