দুই মাসের মধ্যে শিল্প স্থাপনের প্রস্তাব চাওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে তথ্যপ্রযুক্তি শিল্পাঞ্চল হাইটেক পার্কে শিল্প স্থাপনে আগ্রহীদের কাছ থেকে আগামী দুই মাসের মধ্যে প্রস্তাব আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগ্রহী দেশি ও বিদেশি প্রতিষ্ঠান পুরো এলাকা বা এর অংশ বিশেষ উন্নয়নের জন্য প্রস্তাব দাখিল করতে পারবে। ৭ অক্টোবর বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হাইটেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সিদ্ধান্তের মাধ্যমে ১৯৯৯ সালে গৃহীত হাইটেক পার্কে শিল্প স্থাপনের প্রক্রিয়া শুরু হবে। এ সভায় দেশের হাইটেক পার্কের উন্নয়নকারী এবং বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা প্যাকেজও অনুমোদন করা হয়েছে। হাইটেক পার্কে শিল্প স্থাপনকারীরা ১০ বছরের জন্য আয়কর অবকাশ, যন্ত্রপাতির ক্ষেত্রে এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন, করমুক্ত রপ্তানি সুবিধা, বৈদেশিক মুদ্রার ব্যাংক হিসাব পরিচালনার সুযোগ পাবে। পার্কে দেশি এবং শতভাগ পর্যন্ত বিদেশি মালিকানায় শিল্প স্থাপনের সুযোগ থাকছে। এ ছাড়া রেমিটেন্স ও রয়্যালটি প্রত্যাবাসনের সুযোগ থাকছে। হাইটেক পার্কের ডেভেলপার ও বিনিয়োগকারীদের স্বল্পসুদে ঋণের সুবিধা দেওয়ার জন্য সভায় প্রস্তাব করা হয়। এ ছাড়া সেখানে প্রযুক্তিকর্মীর চাহিদা মেটানোর জন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে বলে জানা গেছে। সভায় আইসিটি প্রতিমন্ত্রী জানান, পুরো পার্ক এলাকায় ভূমি উন্নয়ন, প্রশাসনিক ভবন নির্মাণসহ মৌলিক অবকাঠামো নির্মাণ করা হয়েছে। বর্তমানে হাইটেক পার্ক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমে ভৌত সুবিধাদি সম্প্রসারণ করা হচ্ছে। তিনি আরও জানান, পার্কে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য একটি বিদ্যুৎকেন্দ্র তৈরি করা হবে। সভায় বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার বলেন, বর্তমানে দেশে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবার পাশাপাশি হার্ডওয়্যার শিল্প, যেমন—পাওয়ার সাপ্লাই ইউনিট, কি-বোর্ড, কম্পিউটার কেসিং ইত্যাদির ব্যাপারে আগ্রহ সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ, ব্রডব্যান্ড ও নিরাপত্তা নিশ্চত করা গেলে দেশি বিনিয়োগকারীরা এখনই সেখানে বিনিয়োগে আগ্রহী হবেন। সভায় আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান হাইটেক পার্ক এলাকা এবং এর আশপাশে মানসম্মত স্কুল-কলেজ গড়ে তোলার ব্যাপারে গুরুত্ব দেওয়ার কথা বলেন। সভায় হাইটেক পার্ক এলাকায় বিভিন্ন চলমান কর্মকাণ্ড সম্পর্কে উপস্থাপনা প্রদান করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কার্যনির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়ের সচিব আবদুর রব হাওলাদার, আইন, বাণিজ্য, অর্থমন্ত্রণালয় ও বিনিয়োগ বোর্ডের প্রতিনিধিরা। প্রসঙ্গত, সরকার গত ২৩ সেপ্টেম্বর হাইটেক পার্ক আইন-২০১০-এর আওতায় হাইটেক পার্ক কর্তৃপক্ষের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে। —নিজস্ব প্রতিবেদক