দুই মিনিটেই মেইলের জবাব!

আপনার কাছে কোনো মেইল এলে তার জবাব দিতে কতক্ষণ সময় লাগে? গবেষকেরা বলছেন, অধিকাংশ ই-মেইলের জবাব মাত্র দুই মিনিটেই দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইয়াহু ল্যাবস ও স্পেনের গবেষকেরা মেইল ব্যবহারের ধরন নিয়ে সম্প্রতি একটি গবেষণা করেছেন। এবিসি নিউজের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গবেষকেরা বলেন, ওয়েবভিত্তিক যোগাযোগের অন্যতম পুরোনো পদ্ধতি হচ্ছে মেইল। বিশ্বে প্রতিদিন ১০০ বিলিয়ন মেইল আদান-প্রদান করা হয়। ২০ লাখ মেইল ব্যবহারকারীর ১৬ বিলিয়ন ই-মেইল বিশ্লেষণ করেছেন গবেষকেরা। তাঁরা দাবি করেছেন, ই-মেইল ব্যবহারের ধরন বিশ্লেষণ করার এটাই সবচেয়ে বড় গবেষণা।
গবেষকেরা ই-মেইল ব্যবহারের ধরন বিশ্লেষণ দেখেছেন, ই-মেইলের জবাব দিতে খুব কম সময় লাগান ব্যবহারকারীরা। ৯০ শতাংশ ই-মেইল ব্যবহারকারী ২৪ ঘণ্টার মধ্যে মেইলের জবাব দেন। ৫০ শতাংশ মেইল ব্যবহারকারীর মেইলের উত্তর দিতে সময় গড়ে ৪৭ মিনিট সময় লাগে। তবে দ্রুত মেইলের জবার দেওয়ার সময় হচ্ছে সর্বোচ্চ দুই মিনিট।
মেইলের মধ্যে যে বার্তা লেখা হয় তার শব্দসংখ্যাও বিশ্লেষণ করে দেখেছেন গবেষকেরা। গবেষকেরা জানিয়েছেন, অধিকাংশ মেইলের জবাব পাঁচ শব্দ থেকে ৪৩ শব্দের মধ্যেই দেওয়া হয়। মাত্র ৩০ শতাংশ মেইলের জবাবে ১০০ শব্দের বেশি লেখা হয়। মেইলে যোগাযোগ চলতে থাকলে মেইলের জবাব দ্রুত পাওয়া যায়। তবে কথাবার্তা যখন শেষ পর্যায়ে আসে তখন আবার মেইল আদান-প্রদানের গতি কমে আসে। মেইলে আলাপচারিতা বাড়তে থাকলে শব্দ সংখ্যাও বাড়তে থাকে। তবে আলাপচারিতার শেষদিকে শব্দ সংখ্যা আবার কমে যায়। সাপ্তাহিক কাজের দিন শুরুর পর প্রথম ঘণ্টায় মেইল দীর্ঘ জবাবসহ মেইল পাঠানোর হার বেশি দেখা যায়।
মেইলে দ্রুত জবাব দেওয়ার ক্ষেত্রে তরুণেরাই এগিয়ে। তরুণদের ক্ষেত্রে মেইলের জবাব দিতে গড়ে ১৩ মিনিট পর্যন্ত লাগে এবং এতে গড়ে ১৭ শব্দ লেখা থাকে। যাঁদের বয়স ৫১ বছরের বেশি, তাঁরা মেইলের জবাবে গড়ে ৪০ শব্দ করে লেখেন এবং ৪৭ মিনিটে মেইলের জবাব দেন। নারীর তুলনায় পুরুষ দ্রুত মেইলের জবাব দেন। নারীর ক্ষেত্রে মেইলের জবাব দেওয়ার গড় সময় ২৮ মিনিট আর পুরুষের ২৪ মিনিট। ট্যাবলেট কম্পিউটার ব্যবহারকারীরা মেইলের জবাব দিতে ডেস্কটপ কম্পিউটার ব্যবহারকারীর তুলনায় কম সময় নেন।
যাঁরা দিনে শতাধিক মেইল পান, তাঁরা সর্বোচ্চ পাঁচটির জবাব দেন কিন্তু এই তুলনায় যাঁরা কম মেইল পান তাঁরা ২৫ শতাংশে বেশি মেইলের উত্তর দেন।