বিরাম চিহ্ন অংশ-১৮
প্রিয় শিক্ষার্থী, সমাপনী পরীক্ষায় বাংলা বিষয়ে ১০ নম্বর প্রশ্ন থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনর্লিখন’-এর ওপর। নম্বর থাকবে ৫। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।
৫৩.
একদিন যে চূড়া জয়ের অভিযান শুরু হয়েছিল এডমন্ড হিলারি আর তেনজিং নরগেকে দিয়ে তারই শীর্ষে এখন বাংলাদেশের মুসা ইব্রাহিম সাতান্ন বছর পরে বাংলাদেশের কোনো অভিযাত্রীর শীর্ষজয় তবে শীর্ষে ওঠাটা যেমন কঠিন নামাটা ছিল তার চেয়ে আরও কঠিন তাই খুব ধীরগতিতে সমভূমিতে নেমে আসেন তিনি ফিরে আসেন স্বদেশে।
উত্তর: একদিন যে চূড়া জয়ের অভিযান শুরু হয়েছিল এডমন্ড হিলারি আর তেনজিং নরগেকে দিয়ে, তারই শীর্ষে এখন বাংলাদেশের মুসা ইব্রাহিম। সাতান্ন বছর পরে বাংলাদেশের কোনো অভিযাত্রীর শীর্ষজয়। তবে শীর্ষে ওঠাটা যেমন কঠিন, নামাটা ছিল তার চেয়ে আরও কঠিন। তাই খুব ধীরগতিতে সমভূমিতে নেমে আসেন তিনি। ফিরে আসেন স্বদেশে।
৫৪.
সেই শুরু এরপর বাংলাদেশের প্রথম নারী পর্বতারোহী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার দুবার এর চূড়ায় ওঠেন এম এ মুহিত অন্য আরেক নারী ওয়াসফিয়া নাজরীনও প্রায় একই সময়ে জয় করেন এভারেস্ট।
উত্তর: সেই শুরু। এরপর বাংলাদেশের প্রথম নারী পর্বতারোহী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। দুবার এর চূড়ায় ওঠেন এম এ মুহিত। অন্য আরেক নারী ওয়াসফিয়া নাজরীনও প্রায় একই সময়ে জয় করেন এভারেস্ট।
৫৫.
শৈশবে যে স্বপ্ন মুসা এবং অন্যেরা দেখেছিলেন দীর্ঘদিনের প্রস্তুতি অধ্যবসায় আর আত্মবিশ্বাসের ওপর ভর করে তারা তাতে সফলতা অর্জন করলেন বুঝিয়ে দিলেন বাঙালি এক সাহসী জাতি বীরের জাতি অজানাকে সে জয় করতে পারে।
উত্তর: শৈশবে যে স্বপ্ন মুসা এবং অন্যেরা দেখেছিলেন, দীর্ঘদিনের প্রস্তুতি, অধ্যবসায় আর আত্মবিশ্বাসের ওপর ভর করে তারা তাতে সফলতা অর্জন করলেন। বুঝিয়ে দিলেন, বাঙালি এক সাহসী জাতি, বীরের জাতি, অজানাকে সে জয় করতে পারে।
৫৬.
দুই বোন বাবামায়ের আদরের ছায়ায় বড় হয় স্কুলে যাওয়ার পথে বুনোফুল ছিঁড়ে বেণির সঙ্গে গেঁথে রাখে ফড়িং ধরে আবার আকাশে উড়িয়ে দেয় ফুলের পাপড়ি ছিঁড়ে খাতার ভেতর চাপা দিয়ে রাখে শুকিয়ে গেলে বাবার কপালে লাগিয়ে দিয়ে বলে বাবা তোমার হাজার বছর আয়ু হোক মায়ের কপালে লাগিয়ে দিয়ে বলে মা তোমার ভাতের হাঁড়ি ভরা থাকুক।
উত্তর: দুই বোন বাবা-মায়ের আদরের ছায়ায় বড় হয়। স্কুলে যাওয়ার পথে বুনোফুল ছিঁড়ে বেণির সঙ্গে গেঁথে রাখে। ফড়িং ধরে। আবার আকাশে উড়িয়ে দেয়। ফুলের পাপড়ি ছিঁড়ে খাতার ভেতর চাপা দিয়ে রাখে। শুকিয়ে গেলে বাবার কপালে লাগিয়ে দিয়ে বলে, বাবা তোমার হাজার বছর আয়ু হোক। মায়ের কপালে লাগিয়ে দিয়ে বলে, মা তোমার ভাতের হাঁড়ি ভরা থাকুক।
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল