দুজনের ভালো লাগা যখন একজনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যদি একজনকে ভালো লাগে দুই বোনের, তাহলে সব খোলাখুলি আলোচনা করতে হবে। ছবিটি প্রতীকী। মডেল হয়েছেন মিমি, জিতু ও শোভন। ছবি: অধুনা
যদি একজনকে ভালো লাগে দুই বোনের, তাহলে সব খোলাখুলি আলোচনা করতে হবে। ছবিটি প্রতীকী। মডেল হয়েছেন মিমি, জিতু ও শোভন। ছবি: অধুনা

ভাবতে বা শুনতে কিছুটা অস্বস্তি লাগলেও দুই বোনের একই মানুষকে ভালো লাগার বিষয়টি কিন্তু খুব একটা নতুন না। আবার এক বোনের স্বামী বা প্রেমিকের সঙ্গে অন্য বোনের সম্পর্কে জড়িয়ে পড়ার বিষয়টিও দেখা যায় অনেক ক্ষেত্রেই। বিষয়টি ঠিক না বেঠিক তা বলার আগে এটা বলা যায় যে ‘আবেগ’ মানুষের এক অদ্ভুত বৈশিষ্ট্য। কখন কে এই আবেগময় সম্পর্কের মায়াজালে পড়ে যায়, সেটা বলা কঠিন। তবে এই মায়াজাল খুব জটিল হয়ে যায়, যখন এর কারণে আমাদের অন্য গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়ে।
স্বাভাবিকভাবেই এখানে প্রশ্ন আসে, ছেলেবেলা থেকে একসঙ্গে বেড়ে ওঠা দুই বোনের নিবিড় সম্পর্কের মধ্যে যখন তৃতীয় কোনো ব্যক্তি চলে আসে তখন কী করা উচিত? এ ক্ষেত্রে বলা যায়, সম্পর্কের এ রকম কোনো ত্রিমাত্রিক জটিলতা তৈরি হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বলিষ্ঠ ভূমিকা কিন্তু নিতে হবে দুই বোনের মাঝখানে পড়ে যাওয়া তৃতীয় ব্যক্তিকেই (তাদের ভালো লাগার মানুষটাকে)। তাঁর দৃঢ় আচরণ, নৈতিকতাবোধ, বুদ্ধি ও বিবেচনাবোধ এই জটিল অবস্থাকে অনেকখানি সরল করে দিতে পারে। তবে তাঁর ব্যক্তিত্বের বৈশিষ্ট্য যদি দুর্বল হয়, আবেগের ভিত্তি যদি যথেষ্ট সবল না হয়, তবে এ জটিলতা থেকে বেরিয়ে আসা অনেক ক্ষেত্রেই খুব কঠিন হয়ে পড়ে।
শুধু তা-ই নয়, এ ক্ষেত্রে ব্যক্তি নিজে সম্পর্ক তৈরির ক্ষেত্রে কাকে বেশি গুরুত্ব দিচ্ছেন বা তাঁর কাছে কে বেশি গুরুত্বপূর্ণ—সেটার মাধ্যমেও অনেকটা নির্ধারিত হবে সম্পর্কের গতিপ্রকৃতি। অর্থাৎ এ ক্ষেত্রে সেই মানুষের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।
সুতরাং কারও প্রতি ভালো লাগা তৈরি হলে প্রথমেই জানতে হবে আপনার প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি কেমন। যদি এ ক্ষেত্রে বুঝতে পারেন যাকে আপনার ভালো লাগছে সে আপনার বোনের প্রতি বেশি আগ্রহী, তবে সেই সম্পর্কের সম্মান দিতে হবে। কঠিন হলেও এ বাস্তবতা মেনে নিতে হবে।
এ ক্ষেত্রে মনে রাখতে হবে বোনের প্রেমিক বা স্বামীর প্রতি যে আবেগ তৈরি হয়েছে, সেটা কাটিয়ে ওঠার জন্য আপাতত তার সঙ্গে যোগাযোগ বন্ধ করা ভালো। কারণ এসব আচরণ আপনার দিক থেকে স্বাভাবিক বা বন্ধুত্বপূর্ণ হলেও তাঁর কাছে সেগুলো ভুলভাবে যেতে পারে। সে এসবকে ভালো লাগা বা ভালোবাসার বিশেষ ইঙ্গিত হিসেবে ধরে নিতে পারে।

বোনের ভূমিকা
বিষয়টি যদিও স্পর্শকাতর এবং মেনে নেওয়া কঠিন, তবু মাথায় রাখা ভালো যে আবেগের নিয়ন্ত্রণ বা নিজের প্রতি নিয়ন্ত্রণ সমান থাকে না। এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত হলেও যে কারও ক্ষেত্রেই ঘটতে পারে। ফলে বোনের প্রতি বিরক্ত বা রাগ না দেখিয়ে ব্যাপারটা থেকে তাকে বেরিয়ে আসতে সাহায্য করুন।
পুরো বিষয়টা এড়িয়ে না গিয়ে প্রয়োজনে বোনের সঙ্গে সরাসরি কথা বলুন। আলোচনার সময় তার প্রতি অভিযোগ তোলা থেকে বিরত থাকুন। বরং বাস্তব অবস্থাটা তার সামনে নিয়ে আসুন।
 কষ্টকর হলেও বোনের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখুন।
 সাময়িকভাবে আপনার বোনের প্রতি এক ধরনের ঈর্ষা, রাগ তৈরি হতে পারে। এসব নেতিবাচক আবেগ কমিয়ে ফেলার জন্য তার বিরুদ্ধে কোনো নেতিবাচক চিন্তা না করাই ভালো। বোনের অবস্থানে নিজেকে রেখে সম্পূর্ণ বিষয়টি বিবেচনা করা গুরুত্বপূর্ণ।
 বোনের সঙ্গে আপনার সম্পর্কের গুরুত্বটাও এখানে মনে রাখা জরুরি।
 বোনের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক রাখুন। এ ক্ষেত্রে কথা না বলা, খোঁচা মেরে কথা বলা ইত্যাদি পরিহার করা ভালো।
লেখক: মনোরোগ বিশেষজ্ঞ