দুটি কবিতা
বন্ধু তিন দিন
বন্ধু তিন দিন, ও বন্ধু তিন দিন ফের হরতাল পাইলাম,
শান্তি পাইলাম না রে বন্ধু তিন দিন!
আইতে যাইতে প্রাণের ভয়,
বাজার-সদাই করাই দায়,
বাইচ্যা থাইকাও অত্যাচারে মইরা গ্যালাম হায় রে, বন্ধু তিন দিন!
ও বন্ধু আর কয় দিন?
কত কী!
হরতাল-অবরোধ, তাতে কী?
মিছিল আর ভাঙচুর? ক্ষতি কী?
ককটেল-বোমাবাজি! ভয় কী?
এত ভিতু হলে কিছু হয় কি?
বাস-ট্রাক পুড়ছে, কার কী?
মানুষই তো মরছে, আর কী?
সারা দেশ অচল? তো হলো কী?
দেশ গেল রসাতল? বলো কী?
দেশের প্রধান আমি বৈকি
দায় তাই সব মোর একা কি?
শুধুই ক্ষমতা চাই, বেশি কি?
দেশ নিয়ে তাই বলে ভাবি কি?
নিঃস্বার্থ ভালোবাসা? আরে কয় কী?
যার যার তার তার, নয় কি?
আলোচনা-সমঝোতা! মানে কী?
ছাড় দেব আমি! গাধা বলে কী?
গদি আমি ছেড়ে দিতে পারি কি?
কারও ধার কভু আমি ধারি কি?
কেউ করে এই পাগলামি কি?
মোর সাথে করো ফাজলামি কি?
যদি করে কেউ কোনো চালাকি—
টের পাবে সেই ব্যাটা ঠেলা কী!
মিরানা হোসেন, ঢাকা