মুঠোফোনভিত্তিক তথ্যপ্রযুক্তির বিভিন্ন রকম সেবার সফলতার ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় প্রতিবছর দেওয়া হয় এমবিলিয়নথ পুরস্কার (www.mbillionth.in)। ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশনের (ডিইএফ) উদ্যোগে দেওয়া এবার ‘এমবিলিয়নথ ২০১২’তে বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান পুরস্কার জিতেছে।মুঠোফোনের মাধ্যমে ঢাকার এটিএম বুথের অবস্থান জানার ‘আইএটিএম এক্সপ্লোরার’ নামের অ্যাপসের জন্য এম বিজনেস অ্যান্ড কমার্স-ব্যাংকিং ক্যাটাগরিতে ডেটাবেজ সফটওয়্যার লিমিটেড এবং অ্যাপসের মাধ্যমে ঢাকা বিভিন্ন ভ্রমণ স্থানের তথ্য জানার ‘এক্সপ্লোর ঢাকা’ নামের অ্যাপসের জন্য এম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ক্যাটাগরিতে থার্ডআই ল্যাব পুরস্কার জিতেছে। ঢাকা আইএটিএম এক্সপ্লোরার নামের অ্যাপসের মাধ্যমে ঢাকা শহরে যেকোনো ব্যাংকের এটিএম বুথ খুঁজে পাওয়া যাবে। কীভাবে সবচেয়ে কাছের ব্যাংক-শাখাটি খুঁজে বের করা যায়, অবস্থানের খবর ইত্যাদি পাওয়া যাবে অ্যাপসের মাধ্যমে। আইফোনের জন্য তৈরি অ্যাপসটির সাহায্যে ব্যাংকিং-কার্যক্রম সহজ করা যাবে। অ্যাপসটির নির্মাতাপ্রতিষ্ঠান ডেটাবেজ সফটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী রাশেদ কামাল জানান, ‘সবচেয়ে দ্রত বর্ধনশীল বাজার হিসেবে মুঠোফোন বাংলাদেশের মানুষের জন্য অফুরন্ত সম্ভাবনার দ্বার খুলে দেবে। পুরস্কার পাওয়া এ অ্যাপসটিকে আমরা আরও উন্নত এবং নানা সুবিধা যুক্ত করার ব্যাপারে কাজ করব। যাতে করে ব্যবহারকারীরা নির্দিষ্ট সঠিক তথ্যটি পেতে পারেন।’ পুরস্কার পাওয়া এক্সপ্লোর ঢাকা অ্যাপসের মাধ্যমে অ্যান্ড্রয়েড, আইওএসচালিত ডিভাইস দিয়ে সহজেই খুঁজে পাওয়া যাবে ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান। চলতি বছর সার্কভুক্ত দেশগুলো থেকে মোট ২৫৩টি প্রকল্প-উদ্ভাবন অংশ নেয়। এদের মধ্যে ২১টি উদ্ভাবন মোট ১০টি বিভাগে পুরস্কার পায়। ২১ জুলাই ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। —নিজস্ব প্রতিবেদক