ওয়ার্ল্ড সামিট ইয়্যুথ অ্যাওয়ার্ড-২০১১-তে দুটি বিভাগে পুরস্কার পেয়েছে বাংলাদেশের দুটি প্রকল্প। এর মধ্যে ‘পারস্যু ট্রুথ!’ বিভাগে বিজয়ী হয়েছে রাইট থ্রি ডটকম (www.wৎite3.com) এবং ‘পাওয়ার টু উইমেন’ বিভাগে রানারআপ পুরস্কার পেয়েছে আমার দেশ আমার গ্রাম (www.amaৎdesheshop.com)। আগামী ১০ থেকে ১৩ নভেম্বর অস্ট্রিয়ায় এই পুরস্কার দেওয়া হবে। জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বিশেষ অবদান রাখার জন্য ইউরোপীয় ইউনিয়ন এ পুরস্কার দিচ্ছে। পারস্যু ট্রুথ! বিভাগে ‘বিজয়ী’ রাইট থ্রি সাইটটির নির্মাতা মাল্টিমিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম আশ্রাফ গতকাল রোববার প্রথম আলোকে জানান, ‘যোগাযোগ এবং স্বচ্ছতার জন্য আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল ফোনভিত্তিক নাগরিক সাংবাদিকতা বিষয়ে কাজ করছি। মোবাইল ফোনে ছবি তুলে বা ভিডিও করে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এই ওয়েবসাইটে প্রকাশ করা যায়।’ পাওয়ার টু উইমেন বিভাগে রানারআপ আমার দেশ আমার গ্রাম ওয়েবসাইটের ব্যবস্থাপনা পরিচালক সাদেকা হাসান জানান, ‘আমার দেশ আমার গ্রাম মূলত গ্রামের নারীদের নিয়ে কাজ করছে। তাদের জীবনযাত্রার উন্নতির জন্য তাদের তৈরি বিভিন্ন কুটির ও হস্তশিল্প একটি নির্দিষ্ট কেন্দ্রে জমা রাখা হয়। এরপর আমার দেশ আমার গ্রামের ওয়েবসাইটে ই-কমার্সের মাধ্যমে এটি অনলাইনে বিক্রির ব্যবস্থা করা হয়। এখানে বিক্রেতা নিজেই পণ্যের দাম নির্ধারণ করে দেন। এভাবেই স্বাবলম্বী হচ্ছে প্রত্যন্ত গ্রামের নারীরা।’ওয়ার্ল্ড সামিট ইয়্যুথ অ্যাওয়ার্ড (www.youthawaৎd.oৎg/winneৎs) ওয়েবসাইটের তথ্যমতে, চলতি বছর পুরস্কারের জন্য বিশ্বের ৯৯টি দেশ থেকে ছয়টি বিভাগে সাত শতাধিক আবেদনপত্র জমা হয়েছিল। এর মধ্য থেকে ১৯টি দেশ থেকে প্রকল্পগুলো নির্বাচিত হয়েছে। —মোছাব্বের হোসেন