
বছর দুয়েক পাশাপাশি থাকতে থাকতে ওরা বন্ধু হয়ে গেছে। রোদ-বৃষ্টি-কুয়াশা—সবকিছুর বিপক্ষে লড়াই চালিয়েছে একসঙ্গে। ওরা দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, একেবারে গা ঘেঁষাঘেঁষি করে। এত গরম পড়েছে যে মাথায় কয়েকটা ভুট্টার দানা ফেলে রাখলে ফটফট করে ফুটে পপকর্ন হয়ে যাবে!
: বুঝলি, বইসা না থাইকা পপকর্নের বিজনেস করলেও হইত! মাথায় ভুট্টা রাখা হইব আর ফটফট ফটাশ!
ওপাশ থেকে কোনো জবাব নেই।
: কিরে, ঝিমাস কেন? তোর মতো ঘুম-পাগলা পাবলিক আর একটাও দেখি নাই রে! এই গরমে কেউ এমনে ঝিমায়!
: অ্যা...অ্যা...কী কী? কী হইছে? কিসের গ্যাঞ্জাম!
: ও, তাইলে ঝিমুনি না? একেবারে নিদ্রা! ক্যামনে পারিস, ম্যান!
: কী ক্যামনে পারি! পারলে তো এই রাস্তায় দাঁড়ায় থাকতাম না!
: তা-ও ঠিক! তয় তর আর দোষ কী! চাকরিতে ডিউটির টাইমে ঘুম দোষের কিছু না। ঘুমা তুই।
: মজা লস?
: মজা নিলাম কই! যা সত্য, তা-ই কইছি।
: হুহ্, একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির! কত সত্য যে মেমোরিতে রাইখা দিলি, সেইটার হিসাব আছে?
: সত্য কি খালি আমিই লুকাইছি? তুই ধোয়া তুলসীপাতা?
ওপাশ থেকে আর কোনো উত্তর এল না। মৌনতাই যেন সম্মতির লক্ষণ।
: দোষ আসলে তোরও না, আমারও না। আমগো যারা চালায়, তারাই সব জানে!
: হুম্! বুঝছস, কালকে রাতেও স্বপ্নটা দেখছি! ঝিমুনি আইছিল একটু, স্বপ্নটা দেখার পর থেইকা সারা রাত আর চোখের পাতা এক হইল না! ক্যামনে পারে ওরা!
: বন্ধু, ওরা সব পারে!
: সেইটাই। ওরা মাঝেমধ্যে একে অন্যরে পশু-প্রাণীর নাম নিয়া গালিগালাজ করে, এইটা আসলে অন্যায়। পশু-প্রাণী কি এই কাম করে?
: সেইটাই। ইশ্, ওই যে ওই বজ্জাতটার কথা মনে আছে?
: কোনটা? শুকনামতো যেটা?
: আরে, নাহ্! তার পাশেরটা। ক্যামনে একজনের আঁচল ধইরা টান দিল, মনে পড়ে?
: ধুর, এই সব কথা তুলিস না তো! ভাল্লাগে না কিছু! মাঝে মাঝে মনে হয়, এই জীবনের কোনো মানে নাই!
: মাঝে মাঝে তো চোখ দুইটা খুইলা রাখতে ইচ্ছা করে! এই সব কুকীর্তি দেইখা বইসা থাকার চাইতে মইরা যাওয়াও ভালো।
আবার খানিকক্ষণের বিরতি। দুজনের দীর্ঘশ্বাস। দুপুরের রোদে চারপাশ তেতে উঠেছে। চারদিক সুনসান। মাঝেমধ্যে রিকশার টুংটাং আর প্রাইভেট কারের শব্দ ছাড়া আর কিছু নেই।
: দেখতে দেখতে এক বছর হয়া গেল, না? আবার পয়লা বৈশাখ আইতাছে।
: হ! এইবার যে কী দেখতে হইব ওপরওয়ালাই জানেন!
: কী আর হইব! যা দেখলাম, সবই তো হার্ডডিস্কের ভিতরে পইড়া আছে। পাবলিক তো আর জানল না কে কী করছে।
: হায় রে দুনিয়ার বিচার!
: ঠিক করছি, এইবার চোখ বন্ধ কইরা থাকুম!
: চোখ বন্ধ কইরা থাকলে কি আর চাকরি থাকব?
: না থাকলে নাই। চাকরি থাকলেই বা কোন ঘোড়ার ডিমটা হইছে!

: কথা সত্য। কী এক লাইফ পাইলাম রে! চোখের সামনে সব দেখি অথচ মুখ ফুইটা বলার ক্ষমতা নাই!
একটা রিকশা এসে থামল সেখানে। বৃদ্ধ রিকশাওয়ালা কাঁধের গামছাটা দিয়ে মুখ মুছে পা তুলে বসলেন রিকশার সিটে। পানির বোতল থেকে ঢকঢক করে খানিকটা পানি গলায় ঢেলে আকাশের দিকে চাইলেন। কিছুক্ষণ পর গুনগুন করে গানও ধরলেন একটা, ‘হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ...’।
২.
গানটা শুনে মাথার কোথায় যেন শর্টসার্কিট হয়ে গেল দুই বন্ধুর, অর্থাৎ রাস্তের পাশে ডিউটিরত সিসি ক্যামেরা দুটির। মুহূর্তেই চোখ ঝাপসা হয়ে এল। শীতকাল নয়, তারপরও আজকাল প্রায়ই ওদের চোখ ঝাপসা হয়ে আসে। ঢাকার বাতাসে যা ধুলা!