ফাঁদ পেতে পশুপাখি ধরতে দেখেছেন, কিন্তু কখনো ফাঁদ পেতে দুর্নীতিবাজদের ধরতে দেখেছেন কি? সে রকম কিছুই করে দেখানোর আশ্বাস দিয়েছেন দুদকের (দুর্নীতি দমন কমিশন) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তাঁর পাতা ফাঁদ কেমন হতে পারে, এটা নিয়ে চলছে দুর্নীতিবাজদের মনে জল্পনাকল্পনা। সেটা অবসান করার চেষ্টা করছে ‘রস+আলো’। লেখা: মাহবুব আলম

প্রেমের ফাঁদ
দুদক সন্দেহভাজন দুর্নীতিবাজদের সঙ্গে প্রেমের অভিনয় করার জন্য কয়েকজন অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দিতে পারে। এভাবে প্রেমের ফাঁদে ফেলে নকল প্রেমিক-প্রেমিকারা দুর্নীতিবাজদের কুকর্ম জেনে নেবে। এবং পরে তা জানাবে দুদককে।
বাংলা সিনেমার ফাঁদ
বাংলা সিনেমায় প্রায়ই দেখা যায়, ভিলেন নায়ককে ধরার বা বিপদে ফেলার জন্য নানা ধরনের ফাঁদ পেতে বসে থাকে। বেশির ভাগ ক্ষেত্রেই নায়কেরা সেসব ফাঁদে আটকাও পড়ে। তাই দুদক দুর্নীতিবাজদের ধরার জন্য কয়েকজন ফাঁদবিশেষজ্ঞ বাংলা সিনেমার ভিলেন নিয়োগ দিতে পারে।
পকেট ফাঁদ
দুদক অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখতে পারে যে সন্দেহভাজন ব্যক্তিদের পোশাক-আশাকে পকেটের সংখ্যা কেমন। যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয়, তাহলে তারাই দুর্নীতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ৯৯%। কারণ, অর্থ আগমনের পরিমাণের ওপর নির্ভর করে অনেকেই পকেটের সংখ্যা বাড়ায় কিংবা কমায়।
ছলনার ফাঁদ
‘যারা কখনোই দুর্নীতি করেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’ বলে একটা মিথ্যা বিজ্ঞপ্তি প্রচার করতে পারে দুদক। বিজ্ঞপ্তি দেখার পর দুর্নীতিবাজেরা নিশ্চয়ই ঝেড়ে কাশবে। এবং পিঠ বাঁচাতে সব দুর্নীতির তথ্য ফাঁসও করে দেবে সুরসুর করে। ফলে দুদক সহজেই আসল দুর্নীতিবাজদের ধরে ফেলতে পারবে।
ব্যাংক ফাঁদ
দুদক ব্যাংকের ভেতরে কয়েকজন গুপ্তচর নিয়োগ করতে পারে। সন্দেহভাজন ব্যক্তিরা মাসের শেষে ব্যাংকে না গিয়ে প্রায় প্রতিদিনই ব্যাংকে গেলে বুঝতে হবে, মাসিক আয়ের বাইরেও দুর্নীতি করে আয় করছেন তাঁরা। এ ক্ষেত্রে দুদক যদি ব্যাংকারদেরও সন্দেহের তালিকায় রাখে, তাহলে কিন্তু বিপদ! কারণ, কর্মসূত্রে প্রতিদিনই তাঁদের ব্যাংকে যেতে হয়।