দুর্গম সুড়ঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলীগুহার পথটা এমনই শিহরণ জাগানো। ছবি: লেখক
আলীগুহার পথটা এমনই শিহরণ জাগানো। ছবি: লেখক

শ্যাওলা ধরা কালচে পাহাড়ের মধ্য দিয়ে সরু ভেজা পথ। ওপরে গাছের সবুজ ছাউনি। এই তো সুড়ঙ্গে ঢোকার পথ। আঁতকে উঠলাম লোহার সিঁড়িটা দেখে। পাহাড়ি ঝরনার পানিতে পিচ্ছিল হয়ে আছে সেটি। সুড়ঙ্গে ঢোকার আগে তো পেরোতে হবে এই সিঁড়ি। সেটা পারব তো? নড়বড়ে সিঁড়ি, মনে হচ্ছে যেকোনো সময় মাথার ওপর ভেঙে পড়বে।
এক পা এগোই তো দুই পা পিছাই। শেষমেশ ভেবেই নিলাম, কী আছে জীবনে, যা হয় হবে। সাহস জোগালেন সঙ্গে থাকা আদিবাসী পথপ্রদর্শকেরা। ভ্রমণসঙ্গী আরও দুজনের পেছন পেছন ঢুকে পড়লাম আমিও। ততক্ষণেই মনে হলো, পেয়ে গেছি যেন পাহাড়চূড়া জয়ের আনন্দ। গুহার ভেতর বাদুড়ের ডানা ঝাপটানিতে হুঁশ ফিরল। এসে গেছি আলীর সুড়ঙ্গে।
মুঠোফোনের আলোয় পথ দেখে চলছি। বাদুড় আর বন্য প্রাণীর বিষ্ঠার দুর্গন্ধ চারপাশে। পায়ের নিচে ভেজা পথ, সাপখোপও থাকতে পারে। এভাবেই চললাম প্রায় ৬০ থেকে ৭০ মিটার। দুই আদিবাসী জানালেন, এই গুহা নাকি সামনে ৭০০ মিটার পর্যন্ত বিস্তৃত। তাঁরা গেছেন মোটামুটি ২০০ মিটার পর্যন্ত। থাক, অত দেখে কাজ নেই। আমরা এবার ফেরার পথ ধরলাম।
কীভাবে পৌঁছলাম এখানে, সেটা বলি। এই মাসের শুরুর দিকে রোমাঞ্চের খোঁজে বেরিয়ে পড়া। কক্সবাজার-চট্টগ্রাম

আলীগুহা । ছবি: লেখক
আলীগুহা । ছবি: লেখক

মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী থেকে দক্ষিণ দিকে আঁকাবাঁকা পাহাড়ি পথে প্রায় ১৯ কিলোমিটার গেলে পার্বত্য বান্দরবানের লামা পৌরসভা। কিন্তু পাহাড়চূড়ার এই আলীর সুড়ঙ্গ দেখতে হলে ডানদিকের সড়ক ধরে পশ্চিম দিকে যেতে হবে আরও ১৮ কিলোমিটার। লাইনঝিরিবাজার, ছাগলখাইয়া, ছইক্যং, তৈনরেঞ্জ, সিনারীবাজার, রাস্তার মাথা বাজার হয়ে পৌঁছে গেলাম আলীকদম উপজেলা পরিষদ এলাকায়।
আলীকদম সদরের পাশেই সেনাবাহিনীর জোন। তার পাশে বিশাল সেতুর নিচে বয়ে যাচ্ছে মাতামুহুরী নদী, যা মিয়ানমারের পাহাড় থেকে সৃষ্টি হয়ে সাপের মতো আঁকাবাঁকা পথে আলীকদম, লামা, চকরিয়া, পেকুয়া হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। সেতুর নিচেই দাঁড়িয়ে বেশ কিছু ডিঙি নৌকা। এসব নৌকা নিয়েই আদিবাসীরা বিভিন্ন দুর্গম পাহাড়ে যাতায়াত করেন।
সেতু থেকে নৌকায় চড়ে আধা কিলোমিটার গেলে পূর্বদিকে তৈন নদ। এই শাখা নদীর চার কিলোমিটার গেলে সামনে উঁচু একটি পাহাড়। নাম আলীর পাহাড়। নৌকা থেকে নেমে পাহাড়ের দিকে কিছুক্ষণ হাঁটলে সামনে পড়ে একটি সাইনবোর্ড। তাতে লেখা, ‘ঐতিহাসিক আলীর সুড়ঙ্গ’। পরের কথা তো বললামই। পাহাড়-নদী-জঙ্গল—সব মিলে জমজমাট এক রোমাঞ্চকর কাহিনি।

যেভাবে যাবেন
চট্টগ্রাম অথবা ঢাকা থেকে ঢাকা কক্সবাজার যেতে হবে। সেখান থেকে সড়কপথে আলীকদম। এরপর নৌকায় যেতে হয় আলীর গুহায়। সকালে গিয়ে বিকেলে ফিরে আসা যায়। গুহায় ঢুকতে হলে সঙ্গে টর্চলাইট দরকার। হাতে লাঠিসোঁটা থাকা ভালো। নিরাপত্তার জন্য স্থানীয় কাউকে গাইড হিসেবে নেওয়া উচিত।