
গাড়ি ছুটছে দ্রুতগতিতে। হঠাৎ মুঠোফোনে কল বেজে ওঠে। চালকের মনোযোগ স্বভাবতই সেদিকে চলে যায়। মনোসংযোগে এ রকম বিঘ্ন ঘটার মুহূর্তেই হতে পারে বড় কোনো দুর্ঘটনা।শুধু মুঠোফোন নয়, মনোযোগ নষ্ট হতে পারে আরও বিভিন্ন কারণে। এ রকম পরিস্থিতিতে চালকের অসতর্কতার ব্যাপারটি যদি গাড়িটি বুঝতে পেরে গতি কমিয়ে দিত, তাহলে বহু দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। না, কল্পনায় নয়, অস্ট্রেলিয়ার একদল গবেষক এবার বাস্তবেই এ রকম অভিনব গাড়ি তৈরি করেছেন। এই গাড়িতে থাকবে এমন স্বয়ংক্রিয় যান্ত্রিক ব্যবস্থা, যা গাড়ি চালনার সময় চালকের মস্তিষ্কের গতিবিধি পর্যবেক্ষণ করবে এবং মনোযোগ বিঘ্নিত হলেই টের পাবে। সঙ্গে সঙ্গে গাড়ির গতিসীমা স্বয়ংক্রিয়ভাবে নেমে আসবে নিরাপদ অবস্থায়। পরে চালকের মনোযোগ ফিরে আসার সঙ্গে সঙ্গে গাড়ি আবার আগের গতি ফিরে পাবে। ফলে দুর্ঘটনার আশঙ্কা অনেক কমে আসবে।মনোযোগ-নিয়ন্ত্রিত গাড়ি’ নির্মাণে যুক্ত প্রধান গবেষক ও স্নায়ুপ্রকৌশল প্রতিষ্ঠান ইমোটিভের কর্মকর্তা জেওফ্রি ম্যাককেলার বলেন, গাড়িচালকের মাথায় একটি হেডফোন-সদৃশ যন্ত্র লাগানো হয়। এটি চালকের মস্তিষ্কের ১৪ ধরনের কার্যক্রম শনাক্ত করতে পারে। মনোযোগের ওপর ভিত্তি করে গাড়ির গতি নিয়ন্ত্রণে ব্যবহূত হয় একটি বিশেষ সফটওয়্যার। এটি চালকের মনোযোগ হ্রাস-বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাড়ির গতিবেগ কমাতে ও বাড়াতে পারে। গবেষকেরা হুন্দাই কোম্পানির আই৪০ মডেলের গাড়িতে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করে ‘মনোযোগ-নিয়ন্ত্রিত গাড়ি’র কার্যকারিতা পরীক্ষা করেন। গাড়িটি ১৫ কিলোমিটার গতিতে একটি নির্দিষ্ট রাস্তায় কয়েকজনকে চালাতে দেওয়া হয়। এ সময় মস্তিষ্ক পর্যবেক্ষণযন্ত্রে তাঁদের মনোযোগের পাশাপাশি চোখের পলক ফেলা ও তার ব্যাপ্তি, তাকিয়ে থাকার সময়, একটি নির্দিষ্ট দিকে তাকিয়ে থাকার সময়, চোখের নড়াচড়া, মাথা কাত করা ও অন্যান্য কাজ (যেমন মুঠোফোনে মনোযোগ দেওয়া) ইত্যাদি বিষয়ও পর্যবেক্ষণ করা হয়। এতে দেখা যায়, গাড়ি চালনায় মনোযোগ নষ্ট মস্তিষ্কে সূক্ষ্ম পরিবর্তন হয়। আর সেই পরিবর্তনের নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনায় রেখেই গাড়ির গতি হ্রাস-বৃদ্ধিতে সমর্থ সফটওয়্যারটি তৈরি করা হয়েছে।
এএফপি।