আধুনিক তরুণদের প্রধান খাদ্য ক্রাশ। নাট্যকার মুনীর চৌধুরীর বিখ্যাত একটা উক্তি পাল্টে চালু হয়েছে নতুন উক্তি, ‘মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে ক্রাশ খায়, কারণে অকারণে ক্রাশ খায়...’। এসব ক্রাশ-জাতীয় খাবার আমাকে কখনো টানেনি, কোনো দিন টানবে না, এ রকম প্রতিজ্ঞা যখন করছিলাম, ঠিক তখনই দুর্ঘটনা ঘটে গেল!
নাটকে তাঁর অভিনয় দেখে আমি এই দুনিয়া থেকে নাই হয়ে গেলাম। বন্ধুরা শুনে বলল, দুনিয়া থেকে এই নাই হয়ে যাওয়াটাকেই নাকি আদর করে ক্রাশ খাওয়া বলে। তাদের মতে আমিও নাকি ক্রাশ খেয়েছি! তাঁর নাম সাবিলা নূর। একটা নাটকে কিছুক্ষণের জন্য দেখেই হৃদয়ে তোলপাড় শুরু হয়ে গেল। ইউটিউব ঘেঁটে এবং গুগলের কল্যাণে তাঁর আরও কিছু নাটক দেখে ফেললাম এবং যতবার দেখলাম ততবার আমি পৃথিবী থেকে নাই হয়ে যেতে লাগলাম। শুরু হয়ে গেল ‘কিছুই ভালো লাগে না’ রোগ। খেতে ভালো লাগে না, কলেজে যেতে ভালো লাগে না, টিউশনিতে যেতে ভালো লাগে না, বিকেলে খেলাধুলা করতে ভালো লাগে না। এত এত ভালো না লাগার সঙ্গে একটা জিনিসের প্রতি ভালো লাগা তৈরি হলো, সেটা ফেসবুক। আগে ফেসবুকে উঠতি ইঁচড়ে পাকা তরুণদের প্রেম নিয়ে কাব্য, মহাকাব্য দেখে মেজাজ গরম হতো, তাই ফেসবুক এড়িয়ে থাকতাম। কিন্তু ফেসবুকে সাবিলা নূরের আইডি খুঁজে পাওয়ার পর তাঁর পাশাপাশি আমি ফেসবুকের প্রেমেও পড়ে গেলাম। তাঁকে ফলো করি, স্ট্যাটাস, ছবি সবকিছুতে লাইক-কমেন্ট করি। শেয়ারের ব্যবসা না বুঝেও স্ট্যাটাস শেয়ার করি, ইনবক্সে মেসেজের পর মেসেজ দিই। সিন না হওয়া সেই মেসেজগুলো বারবার আমিই পড়ি!
জীবন এভাবেই চলছিল। নতুনত্ব বলতে যেটা এল সেটা হচ্ছে আমি ফেসবুকের কবি হয়ে গেলাম! যে আমি বন্ধু সমাজে মুখচোরা নামে পরিচিত, সেই আমিই কিনা সাবিলা নূরকে নিয়ে প্রকাশ্যে একের পর এক কবিতা, গান, গল্প—সব লেখা শুরু করে দিলাম। উপন্যাসও লেখার ইচ্ছা ছিল, সময়ের অভাবে লিখিনি! একসময় প্রেম নিয়ে দার্শনিক স্ট্যাটাসও দিতে শুরু করলাম। সাবিলা নূরকে স্ট্যাটাসে আদর করে সাবিলা বলতাম। আমার কয়েকটা স্ট্যাটাসের নমুনা এ রকম—১. ‘সাবিলা, একদিন তুমিও বুঝবে সত্যিকারের প্রেম কী। সেদিন নিশ্চয়ই আমাকে ভালোবাসবে!’
২. ‘সাবিলা, তুমি যখন টিভির পর্দায় আসো, ৪৮ ইঞ্চি টিভিটা তখন আমার পৃথিবী হয়ে যায়!’ এ রকম রোমান্টিক স্ট্যাটাস সহ্য করতে না পেরে আমার কতিপয় বন্ধু সিদ্ধান্ত নিল, আমাকে সাবিলার সামনাসামনি দাঁড় করিয়ে দেবে, যেন আমি আমার মনের কথা তাঁকে জানাতে পারি! এ কথা শুনেই আমার হাত-পা কাঁপতে শুরু করল। এবং এক অশুভ দিনে সত্যি সত্যিই বন্ধুরা আমাকে উত্তরার এক শুটিং স্পটে নিয়ে গেল!
নাটকের শুটিং চলছিল, নাটকের নায়ক আমার বন্ধুর অতি দূর সম্পর্কের কাজিন। তাঁকে ধরেই দেখা করার ব্যবস্থা! নায়ক আর নায়িকা এক ফাঁকে আমাদের সামনে এলেন। বন্ধুরা আমাকে ঠেলে সামনে এগিয়ে দিল। সাবিলার সামনে দাঁড়িয়ে আমার মনে হলো হলভর্তি দর্শকের সামনে আমি কবিতা পড়তে উঠেছি এবং কবিতার কোনো লাইনই মনে পড়ছে না! আমি বাক্শক্তি হারিয়ে বোকার মতো তাকিয়ে রইলাম। সাবিলা বললেন, ‘আপনাদের সাথে পরিচিত হয়ে ভালো লাগল। আমাকে এখন যেতে হবে।’ আমাকে উদ্দেশ করে বললেন, ‘তাকিয়ে আছেন কেন? সেলফি তুলবেন?’
আমি কথা বলার চেষ্টা করলাম না। জানতাম, চেষ্টা করে লাভ নেই। কোনো রকমে মাথা নাড়লাম—তুলব না। কোনো ভক্ত নায়িকাকে কাছে পেয়ে সেলফি তোলেনি, এটা মনে হয় ইতিহাসে প্রথম ঘটল। তাই সাবিলা অবাক হলেও আমাদের পেছনে ফেলে নায়কের সঙ্গে হাত নেড়ে কথা বলতে বলতে চলে গেলেন। নায়কটাকে ওই মুহূর্তে ভীষণ হিংসা হচ্ছিল আমার। বাসায় এসেই হিংসার উদ্গিরণ স্বরূপ ফেসবুকে লিখে ফেললাম বিধ্বংসী প্যারোডি, ‘সাবিলা, ওইখানে যেয়ো নাকো তুমি, বোলো নাকো কথা ওই নায়কের সাথে...’।
প্যারোডি লিখে মন খারাপ করে বসে আছি। স্ট্যাটাসে লাইক-কমেন্ট পড়ছে। এরই মধ্যে একটা অচেনা আইডি থেকে মেসেজ এল। সাবিলা জাহান মেসেজে লিখেছেন, ‘আপনি আমাকে নিয়ে সেই কবে থেকে স্ট্যাটাস দিয়েই যাচ্ছেন, অথচ সামনাসামনি একবারও ভালোবাসার কথা বলতে পারলেন না! আপনি কি এ রকমই ভিতু? নাকি আপনার পাশের ফ্ল্যাটে থাকি বলে ভয় পান? আমি কত দিন ভেবেছি, আমাকে ভালোবাসার কথা বলবেন, অথচ...। যা হোক, আজ বিকেলে ছাদে যার সাথে কথা বলতে দেখেছেন, তিনি কোনো নায়ক নন, আমার কাজিন। ভুল বুঝবেন না। একটু সাহসী হন, প্রেমের ক্ষেত্রে পুরুষদের সাহসী হতে হয়!’
মেসেজ পড়ে মাথা বাকিটাও গেল। সাবিলা নূর আর সাবিলা জাহান গুলিয়ে গেছে। সাবিলা জাহানের আইডি খুলে দেখি এই মেয়েটা আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে। চোখ সাবিলা নূরের মতোই, নাকটা একটু চোখা, লম্বা চুল! ফেসবুকের সাবিলাকে নিয়ে স্ট্যাটাসের ফলাফল যে এত মধুর হবে, কে ভেবেছিল! ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় হতে পারলে প্রেমের রাজ্যে সাবিলা নূর সাবিলা জাহান হতেই পারে! আমি ক্রাশ থেকে এই প্রথম প্রেমে পড়ে গেলাম। সাবিলা নূর নাহয় সাবিলা জাহান হয়েই থাকল, ক্ষতি কী? না, কোনো ক্ষতি নেই। আমি কি-বোর্ড কাছে টেনে নিলাম। বেশ গুছিয়ে একটা মেসেজ লিখলাম, তারপর সাহস করে রিপ্লাই দিলাম আর বুঝলাম, প্রেমের ক্ষেত্রে পুরুষদের আসলেই সাহসী হতে হয়!