দুর্ঘটনা রোধে ভারতে ট্রেনচালকদের জন্য বিশেষপ্রযুক্তি
ভারতে পরপর ট্রেন দুর্ঘটনার পর এবার এই দুর্ঘটনা রোধ ও যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ট্রেনের চালকদের হাতে পরিয়ে দেওয়া হচ্ছে বিশেষ ধরনের একটি আংটি বা কবজিবন্ধনী (ব্যান্ড)। ট্রেন চালাতে গিয়ে চালক ঘুমিয়ে পড়লে এই আংটি বা কবজিবন্ধনী তাঁকে জাগিয়ে দেবে। বিপদে পড়লে আপনা-আপনি ব্রেক কষে থামিয়ে দেবে ট্রেন। মূলত ওই আংটি বা কবজিবন্ধনীতে লাগানো থাকবে বিশেষ বায়োমেটিক যন্ত্র। ওই যন্ত্রই নিরন্তর চালকের খবর নিতে থাকবে—চালক জেগে আছেন না ঘুমিয়ে পড়েছেন, নাকি কোনো বিপদে পড়েছেন বা একবারে বেহুঁশ হয়ে পড়েছেন কোনো কারণে। আর এসব অবস্থা থেকে ব্যবস্থা নেবে ওই আংটি বা কবজিবন্ধনী। প্রথমে সাইরেন বাজিয়ে ডেকে দেবে চালককে। যদি কাজ না হয়, তবে নিজে থেকেই ব্রেক কষে থামিয়ে দেবে ট্রেন।এই যন্ত্রটি তৈরি হয়েছে দেশীয় প্রযুক্তিতে। মূলত এটি হলো চালককে সজাগ রাখা ও দূরনিয়ন্ত্রণের এক ব্যবস্থা ‘ড্রাইভারস ভিজিল্যান্স টেলিমেট্রিক কন্ট্রোল সিস্টেম’ বা ডিভিটিসিএস। এটি তৈরি করেছে ভারতের রিসার্চ ডিজাইন অ্যান্ড স্টান্ডার্ড অর্গানাইজেশন বা আরডিএসও। আগস্ট থেকেই পরীক্ষামূলকভাবে ট্রেনের ২০টি ইঞ্জিনে এই অত্যাধুনিক প্রযুক্তি চালু করা হবে। তারপর পর্যায়ক্রমে চালু হবে পুরো দেশের ট্রেনে। —অমর সাহা, কলকাতা