দুর্যোগ ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের তাগিদ
তথ্যপ্রযুক্তি ব্যবহার করে যেকোনো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়া যায়৷ জিআইএসের মাধ্যমে ভৌগোলিক নানা তথ্যও সঠিকভাবে পাওয়া সম্ভব৷ চট্টগ্রামের সার্কিট হাউস মিলনায়তনে গতকাল বুধবার সকালে ‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) ব্যবহার’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব বিষয়ে আলোচনা করেন৷ সেমিনারে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা এগিয়ে আছি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আমরা যদি সবাইকে পূর্বাভাস দিতে পারি, তবে দুর্যোগ মোকাবিলায় আরও এগিয়ে যেতে পারব।’
সেমিনারে বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম বলেন, ‘তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আমরা দুর্যোগের পূর্বাভাস জানিয়ে দিতে পারি। আবার দুর্যোগের পরে ক্ষয়ক্ষতির খবরাখবর জানা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও সহায়ক হয়।’ সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মেজবাহ উদ্দিন৷ জিআইএস (জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম) নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসেন। সেমিনারের আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।