দুষ্টু গিনিপিগ

গিনিপিগ তো তোমরা চেনো। হঠাৎ পায়ের কাছে যদি একটা ছোট্ট গিনিপিগকে ইতিউতি তাকাতে দেখো, কী করবে বল তো? হয়তো ‘ওমা! কী কিউট!’ বলে কোলে তুলে নেবে, নয়তো ‘আম্মুউউ’ বলে চিৎকার জুড়ে দেবে। আবার বন্ধুদের মধ্যে গিনিপিগ পোষে, এমন কারও সঙ্গেও হয়তো তোমার পরিচয় আছে। আজ বলব এই মজার গিনিপিগের গল্প।
নামে ‘গিনি’ থাকলেও ওদের আদি নিবাস কিন্তু গিনিতে ছিল না, ছিল দক্ষিণ আমেরিকার আন্দেস পর্বতমালায়। সেই এলাকায় উপহার হিসেবে গিনিপিগ আদান-প্রদান করার চল রয়েছে। আকারে ছোট এ প্রাণীটিকে ছোটবেলা থেকেই যদি সঠিকভাবে যত্ন নেওয়া হয়, তাহলে এটি বেশ ভালোই পোষ মানে।
হারিয়ে গেলে গিনিপিগরা সাহায্যের জন্য একধরনের শব্দ করতে থাকে। তবে যে পথে গেলে খাবারের সন্ধান মেলে, সেই পথটি সে খুব ভালোই চেনে! বুনো স্বভাব একেবারেই নেই ওদের। খাঁচা থেকে পালানোর সুযোগ পেলেও সাধারণত পালিয়ে যায় না।
প্রাকৃতিক পরিবেশে যেসব গিনিপিগ বাস করে, তারা থাকে ঘাসের মাটিতে। নিজেরা গর্ত তৈরি করে না বলে বিপদের সময় আশ্রয় খোঁজে গাছের গর্তে বা অন্য কোনো প্রাণীর গর্তে। ঘাস ছাড়াও ওরা আপেল, গাজর, বাঁধাকপি, আর পালংশাক খায়। খেতে বেশ সময় নেয় এরা। দাঁত খুব দ্রুত বড় হয় বলে কাপড়, কাগজ বা প্লাস্টিকের তৈরি কোনো জিনিসে ক্রমাগত কামড় বসাতে থাকে। গিনিপিগ গড়ে চার-পাঁচ বছর বাঁচে, তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মতে, সবচেয়ে বেশি দিন বেঁচে থাকা গিনিপিগটির বয়স ছিল প্রায় ১৫ বছর।
একা থাকলে ওরা নাকি হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এ কারণেই হয়তো, পোষা বিড়াল অথবা কুকুরের সঙ্গেও গিনিপিগের বন্ধুত্বের খবর পাওয়া যায়। খুব উত্তেজিত হয়ে পড়লে দুষ্টু প্রাণীটা ছোট ছোট লাফ দেয়। বিপদের আশঙ্কা দেখলেই দৌড়ে পালিয়ে যায়।
খাঁচার মধ্যে খুব দুষ্টুমিও করে ওরা। খাবারের পাত্রে লাফিয়ে পড়ে কখনো কখনো। এলোমেলো থাকতেই যেন বেশি পছন্দ ওদের। তুমি যদি গিনিপিগ ধরতে যাও, তোমার সঙ্গে পরিচয় না থাকলেও কামড়াবে না একদমই। তবে যদি তোমার হাতটাকে খাবার ভেবে বসে, তাহলে অবশ্য দুশ্চিন্তার বিষয়!
বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় গিনিপিগ খুব ব্যবহার হয়। জেনে অবাক হবে, মানুষের সঙ্গে গিনিপিগের শারীরিক কিছু প্রক্রিয়ায় মিল আছে। তাই গবেষণায় কাজে লাগানো হয় ওদের। ‘বিখ্যাত’ বিজ্ঞানী সফদর আলীর কথাই ধরো! মুহম্মদ জাফর ইকবালের লেখা বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিষ্কার যারা পড়েছ, তারা নিশ্চয়ই বুঝতে পারছ, কেন এ কথা বলছি। সফদর আলীর গিনিপিগেরা নাকি চুলায় ডেকচি চড়িয়ে তাতে ঘি-চাল দিয়ে বিরিয়ানি রান্না করতে পারত! অ্যানিমেটেড চলচ্চিত্র জি ফোর্স যারা দেখেছ, তারাও নিশ্চয়ই গিনিপিগদের মজার কাণ্ডকীর্তি দেখে হেসে লুটোপুটি খেয়েছ। সেখানে আছে রীতিমতো জুডো-কারাতে ‘প্রশিক্ষণপ্রাপ্ত’ গিনিপিগদের কথা। সেই গিনিপিগেরা বাস্তবের গিনিপিগদের চেয়ে প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে। শুধু তাই নয়, এই গিনিপিগ আবার নাচতেও জানে!
এতসব জেনে তুমি হয়তো বাসায় একটা গিনিপিগ পুষবে বলে ঠিক করে ফেলেছ। তোমার পরিকল্পনা জেনে মা যদি বকাঝকা করেন, তখন আবার আমার দোষ দিয়ো না যেন!
রাফিয়া আলম