দূর হবে সব অন্ধকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পৃথিবীর পাঠশালার অংশীদার হতে পেরে নিজেকে আজ সবচেয়ে সুখী মনে হচ্ছে। ইন্টারনেটের আলোয় আমি আলোকিত করতে চাই সব অন্ধকার।’ পাবনায় গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয়ে এভাবেই অভিব্যক্তি ব্যক্ত করে ওয়াহিদুর রহমান। সে পাবনা জিলা স্কুলের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র।‘এসো পৃথিবীর পাঠশালায়...’ স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ আহ্বান জানিয়ে দ্বিতীয়বারের মতো গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব শুরু হয়েছে ১৩ সেপ্টেম্বর। গতকাল শনিবার সিলেটের ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রংপুর উচ্চবিদ্যালয়, পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রামের পটিয়ার আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয় ও ময়মনসিংহের ত্রিশাল নজরুল বালিকা উচ্চবিদ্যালয়ে ইন্টারনেট উৎসব হয়। গতকাল সকালে প্রতিটি কেন্দ্রে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ইন্টারনেট ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। প্রতিটি কেন্দ্রে নিবন্ধন করা শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিতদের নিয়ে শুরু হয় আই-জিনিয়াস প্রতিযোগিতা। প্রতিযোগিতায় নির্বাচিত আই-জিনিয়াস পায় পদক ও প্রথম আলোর উপহার। উৎসবের কেন্দ্রপ্রধানকে দেওয়া হয় একটি ঘড়ি ও প্রথম আলোর মগ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা। উৎসবের প্রতিটি কেন্দ্রেই ছিল হ্যাপিনেস মেশিন, ম্যাজিক মিরর ও এক্সপেরিয়েন্স জোনসহ মজার মজার সব উপকরণ। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: বরিশাল: উৎসবের উদ্বোধন করেন বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী হাওলাদার। শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান বরিশাল রয়েল সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান। ইউসুফ আলী বলেন, ‘ইন্টারনেট উৎসবের মাধ্যমে আমরা নতুন এক পৃথিবীতে প্রবেশ করলাম। এবার বিশ্বকে জয় করতে হবে। সেই দায়িত্ব এই তরুণ আই-জিনিয়াসদের।’আরও বক্তব্য দেন গ্রামীণফোন বরিশাল অঞ্চলের প্রধান সুভাষ চন্দ্র লোদ, প্রথম আলোর বরিশাল প্রতিনিধি সাইফুর রহমান ও বন্ধুসভার সাধারণ সম্পাদক আপেল মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার রুবাইয়াৎ কামাল। উৎসবে ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় চার হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে: বরিশাল জিলা স্কুল, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, সরকারি মহিলা কলেজ, অক্সফোর্ড মিশন মাধ্যমিক বিদ্যালয়, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, ব্রজমোহন বিদ্যালয়, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, রয়েল সেন্ট্রাল কলেজ, এ আর এস বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। প্রতিযোগিতায় আই-জিনিয়াস নির্বাচিত হয় বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থী অপূর্ব অহম। সিলেট: উৎসবের উদ্বোধনের পর শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক শফিকুল আলম। তিনি বলেন, প্রথম আলো ও গ্রামীণফোনের এই উদ্যোগের ফলে আগামী প্রজন্ম তথ্যপ্রযুক্তিসম্পন্ন আধুনিক মানুষে পরিণত হবে। ফলে তারা দেশকে বদলে দিতে সক্ষম হবে বলে তিনি বিশ্বাস করেন। আরও বক্তব্য দেন গ্রামীণফোন সিলেট অঞ্চলের প্রধান এ এস এম হেদায়াতুল হক ও প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ। উপস্থিত ছিলেন গ্রামীণফোন সিলেট অঞ্চলের প্রযুক্তিবিষয়ক প্রধান ফিরোজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালন করেন ঢাকা বন্ধুসভার মুন্সী আবদুল কাদির। প্রতিযোগিতায় সিলেট নগরের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে: সিলেট এমসি কলেজ, মদনমোহন কলেজ, সরকারি মহিলা কলেজ, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট পলিটেকনিক, সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়, সিলেট কমার্স কলেজ, পাঠানটোলা দ্বি-পাক্ষিক উচ্চবিদ্যালয়, স্কলার্স হোম (পাঠানটোলা), বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পিডিবি উচ্চবিদ্যালয়, স্কলার্স হোম (বালুচর), সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ, কিশোরীমোহন বালিকা উচ্চবিদ্যালয়, খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতায় আই-জিনিয়াস নির্বাচিত হয় সিলেট সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রেহমূমা মোবিন।রংপুর: উৎসবের উদ্বোধনের পর শপথবাক্য পাঠ করান রংপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহামঞ্চদ আবুল মুযন আযাদ। তিনি বলেন, ইন্টারনেটের মাধ্যমে নতুন প্রজন্ম দেশকে আলোকিত করে তুলবে। তাদের প্রচেষ্টায় দেশ হবে স্বনির্ভর। আরও বক্তব্য দেন গ্রামীণফোন রংপুরের আঞ্চলিক ব্যাবস্থাপক আবু বক্কর সিদ্দিক, রংপুর সরকারি কলেজের শিক্ষক এ আই মুসা, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক আবু বক্কর সিদ্দিক, প্রথম আলোর রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা ও রংপুর বন্ধুসভার ওমর ফারুক ও নাজমুল আলম। অনুষ্ঠানে ১১টি প্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে: রংপুর সরকারি কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, পুলিশ লাইনস স্কুল ও কলেজ, কারমাইকেল কলেজ, দি মিলিনিয়াম স্টার্স, বিয়াম ল্যাবরেটরি স্কুল, বিয়াম মডেল স্কুল, রংপুর জিলা স্কুল, শিশু নিকেতন উচ্চবিদ্যালয়, রবার্টসনগঞ্জ স্কুল ও কলেজ এবং রংপুর উচ্চবিদ্যালয়। আই-জিনিয়াস নির্বাচিত হয় দি মিলিনিয়াম স্টার্স স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র এ কে এম রাফিউল হক। পাবনা: উৎসব উদ্বোধনের পর শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদুর রহমান। বক্তব্য দেন পাবনা জিলা স্কুলের প্রধান শিক্ষক লুৎফর রহমান, গ্রামীণফোনের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা দেবাশিষ পাল, সরকারি মহিলা কলেজের শিক্ষক এ এস এম ফরিদ, পাবনা বন্ধুসভার উপদেষ্টা গোপাল সান্যাল ও প্রথম আলোর পাবনা প্রতিনিধি সরোয়ার মোর্শেদ। অনুষ্ঠান সঞ্চালন করেন পাবনা বন্ধুসভার সভাপতি স্বাধীন মজুমদার। উৎসবে পাবনার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে: সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, জিলা স্কুল, সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, স্কয়ার স্কুল, আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়, কালেক্টরেট স্কুল, পুলিশ লাইনস স্কুল, ইমাম গাজ্জালী স্কুল অ্যান্ড কলেজ, গোপাল চন্দ্র ইনস্টিটিউট, জাগির হোসেন একাডেমি, সরকারি শহীদ বুলবুল কলেজ, সেন্টার্ল গার্লস হাইস্কুল ও আহম্মেদ রফিক স্কুল।পটিয়া (চট্টগ্রাম): উৎসবের উদ্বোধনের পর শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান পটিয়ার আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণ বিকাশ দাশ। তিনি বলেন, অজানাকে জানতে ইন্টারনেটের বিকল্প নেই। তিনি ইন্টারনেটকে ভালো কাজে ব্যবহারে শিক্ষার্থীসহ সবার প্রতি অনুরোধ করেন। আরও বক্তব্য দেন পটিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ সজল কান্তি পাল, প্রথম আলো বন্ধুসভার কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান, পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নজরুল ইসলাম, গ্রামীণফোন চট্টগ্রাম অঞ্চলের সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক বিপ্লব কুমার দাশ, প্রথম আলোর পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক, পটিয়া বন্ধুসভার সাধারণ সম্পাদক মোহামঞ্চদ ইব্রাহিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রামীণফোনের রাজু সিংহানীয়া ও বন্ধুসভার জুবায়ের করিম। উৎসবে চারটি কলেজ ও সাতটি মাধ্যামিক বিদ্যালয়সহ ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক শিক্ষক ও অভিভাবকও উৎসবে যোগ দেন। অনুষ্ঠানে আই-জিনিয়াস নির্বাচিত হয় পটিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আবদুল্লাহ আল শাহিদ চৌধুরী। ত্রিশাল (ময়মনসিংহ): উৎসবের উদ্বোধনের পর শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান ত্রিশালের নজরুল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। তিনি বলেন, এই যুগে ইন্টারনেট সম্পর্কে না জানা মানে অন্ধকারে থাকা। তিনি এই আয়োজনের জন্য প্রথম আলো ও গ্রামীণফোনকে ধন্যবাদ জানান। আরও বক্তব্য দেন নজরুল বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পৌর মেয়র এ বি এম আনিসুজ্জামান, গ্রামীণফোনের কর্মকর্তা আবদুল্লাহ মামুন ও প্রথম আলোর ত্রিশাল প্রতিনিধি আলমগীর কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ বন্ধুসভার সাংগাঠনিক সম্পাদক নাহিদ মণ্ডল। উৎসবে অংশ নেয় ত্রিশাল নজরুল ডিগ্রি কলেজ, নজরুল বালিকা উচ্চবিদ্যালয়, দরিরামপুর নজরুল একাডেমি, কাজিরশিমলা নজরুল উচ্চবিদ্যালয়, ধলা স্কুল অ্যান্ড কলেজ, ইসলামি একাডেমি, আলী আকবর ভূঁইয়া বালিকা উচ্চবিদ্যালয়, পোড়াবাড়ী উচ্চবিদ্যালয়, দুখুমিয়া বিদ্যানিকেতন, ভালুকা-ত্রিশাল মৈত্রী কলেজ, ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজ ও শুকতারা বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে আই-জিনিয়াস নির্বাচিত হয় নজরুল একাডেমীর নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুক্তাদির মাওলা।আজ উৎসব তিন জায়গায়: আজ রোববার চট্টগ্রামের মিরসরাইয়ের মিঠাছড়া উচ্চবিদ্যালয়, রংপুরের বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয় এবং পাবনার বেড়ার মঞ্জুর কাদের মহিলা কলেজে ইন্টারনেট উৎসব হবে।