দূর হোক দাগ

নতুন কেনার সময় যে ঝকঝকে ভাব ছিল বাসনকোসনগুলোয়, ব্যবহার করতে করতে এখন তা অনেকটাই ফিকে। দাগপড়া বাসনে খেতেও যেমন মন চায় না, তেমনি কাউকে খেতে দিতেও মন চায় না। তাই বলে কি হাল ছেড়ে দিলে চলে? কিছু সহজ পথ অবলম্বন করলেই এসব বাসনকোসন আবারও হয়ে উঠবে নতুনের মতো ঝকঝকে তকতকে। কীভাবে? সেসবই জানাচ্ছেন রান্নাবিদ ফাতিমা আজিজ।
l বাসনকোসন ঝকঝকে রাখার প্রথম কাজটি হলো ব্যবহারের পরই ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে মুছে রাখা।
l থালাবাসন কেনার সময় অবশ্যই ব্যবহারের নির্দেশনাগুলো দেখে নেবেন। এসব মেনে চললে দাগের যন্ত্রণা অনেকটা এড়ানো যায়।
l কাচ বা সিরামিকের বাসনগুলো কয়েক দিন ব্যবহার করার পরই কেমন একটা দাগ পড়ে যায়। সেটা থেকে রক্ষা পেতে গরম পানিতে তরল ডিশ ক্লিনার দিয়ে স্পঞ্জের মাধ্যমে পরিষ্কার করে নিন। দাগ থাকবে না।
l কাচ বা সিরামিকের জিনিসের সঙ্গে ধাতুর তৈরি জিনিস না রাখাই ভালো। এতে করে দাগ পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।
l চায়ের কাপ বা প্লেটে অনেক সময় দাগ একেবারে আঁকড়ে বসে। এই দাগ তাড়াতে পানিতে ভিনেগার মিশিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। তারপর প্লাস্টিকের মাজনি দিয়ে মেজে নিন। অথবা প্রথমে এসব পানিতে ভিজিয়ে রাখুন তারপর তুলে নিয়ে তার ওপর লবণ ছিটিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিন। এবার দেখুন কেমন ঝকঝক করছে ওগুলো।

l চাল ধোয়ার পর সেই পানিটা ফেলে না দিয়ে বরং ওই পানিতে স্টিল বা কাচের বাসন ধুয়ে নিন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। অনেকটা পরিচ্ছন্ন দেখাবে বাসন।
l স্টিলের বাসনে পানির দাগ পড়ে সহজে। সেটা এত স্পষ্টভাবে বোঝা যায় যে খুব খারাপ দেখায়। তাই এসব বাসন ধুয়ে সঙ্গে সঙ্গে মুছে ফেলতে হবে। তবেই মিলবে দাগ থেকে মুক্তি।
l পিতল বা কাঁসার বাসন অনেক দিন ব্যবহার না করলে একধরনের দাগ দেখা যায় তাতে। সেটা তুলতে কিছু চুন নিয়ে তাতে একটু সরিষার তেল লাগিয়ে দাগে ঘষলে দাগ উঠে যাবে। আবার হলুদ গুঁড়ার সঙ্গে সরিষার তেল মিশিয়েও পরিষ্কার করতে পারেন পিতলের থালা।
l রুপার থালার দাগ তুলতে হলে তাতে দাঁত মাজার পেস্ট মাখিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে। তা ছাড়া একটা পাত্রে ফয়েল পেপার দিয়ে তার ওপর গরম পানি ও লবণ ঢেলে দিন। এতে রুপার বাসন ভিজিয়ে রাখুন। পরে একটা নরম কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলতে পারেন।
l মাটির বাসন নারকেলের ছোবা ও ডিশবার দিয়ে পরিষ্কার করলেই যথেষ্ট। তবে যদি খুব ময়লা জমে যায়, তাহলে নাইলনের ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলতে পারেন।
l অ্যালুমিনিয়ামের বাসন সিরকা ও লবণ মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিন। দাগ দূরে পালাবে।
l ব্যবহার্য বাসন যদি বোন চায়নার হয়, তাহলে নেইল রিমুভার তুলায় লাগিয়ে মুছলেই দাগ উঠে যাবে।
l মেলামাইনের জিনিসপত্র কিছুদিন ব্যবহারের পর দাগ পড়েই যায়। সেটা থেকে বাঁচতে মাঝেমধ্যেই লেবুর রস দিয়ে পরিষ্কার করলে বেশ উপকার মিলবে।
l পাইরেক্সের বাসনে অনেক সময় হলুদ হলুদ দাগ পড়ে যায়। সেটা তুলতে লেবু ঘষে লিকুইড সোপ দিয়ে ধুয়ে ফেলুন।