দূর হয়েছে ফেসবুকের অস্বস্তিকর নিরাপত্তা ত্রুটি
সামাজিক যোগাযোগের (সোশ্যাল নেটওয়ার্কিং) জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের একটি নিরাপত্তা ত্রুটি সম্প্রতি ধরা পড়েছে। ফেসবুকের তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের (চ্যাটিং) সুবিধা ব্যবহারের সময় অন্যজনের ফ্রেন্ড রিকোয়েস্ট (বন্ধু হওয়ার অনুরোধ) দেখা যাচ্ছিল। এতে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ সমস্যার মাধ্যমে যে কেউ তার বন্ধুর সঙ্গে চ্যাট করার সময় সহজে জানতে পারছিল তার নেটওয়ার্কে কারা যুক্ত আছে। এ সমস্যা খুঁজে পাওয়ার পরেই ফেসবুক সাময়িকভাবে চ্যাট সুবিধা বন্ধ করে দেয়। ফেসবুক কর্তৃপক্ষ জানায়, কিছু সময়ের জন্য একটি সমস্যা হওয়ায় চ্যাট করার সময় অপেক্ষমাণ বন্ধু হওয়ার তালিকায় দেখতে পাচ্ছি অন্যজন। এ সমস্যার ব্যাপারে জানার পরই ফেসবুকে চ্যাট করার সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। সমস্যার সমাধান করে দ্রুতই আবার চ্যাট সুবিধা চালু করা হয়েছে বলে জানা গেছে। কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সিমেনটেকের নিরাপত্তা বিশেষজ্ঞ কেনডিড ওয়েস্ট বলেন, যেকোনো ওয়েবসাইটের ক্ষেত্রেই ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি শক্ত থাকা উচিত। ফেসবুকের এ সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু সামাজিক যোগাযোগ সাইটেই নয়, বিভিন্ন ভালো সাইটেও মাঝেমধ্যে এ ধরনের সমস্যা দেখা দেয়। তবে এ দিকগুলোর প্রতি গুরুত্বের সঙ্গে নজর রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি। —বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী