দূরে থেকেও কাছে

মা ছিলেন ‘কাছে থেকেও দূরে’। বড় হয়েছি নানির কাছে। ১৯৮৪ সালের ৪ অক্টোবর জন্ম আমার। যে রাতে জন্মেছিলাম, সে রাতে নাকি জ্যোৎস্না ছিল। আমার মায়ের ডাকনাম বলাকা। সাদা জ্যোৎস্নায় সাদা বলাকার কোলে এলাম আমি। তবে পুরো একটা রঙিন শৈশব-কৈশোর কাটল নানি খালেদা রহমানের আঁচলতলে। মা ছিলেন নানা-নানির একমাত্র মেয়ে, বড় আদরের। তাই সন্তান লালন-পালনের দায়িত্বটুকুও নানি নিজের কাঁধেই নিয়েছিলেন। নানাবাড়িতে জন্মের পর সেখানেই বেড়ে উঠলাম। নিতান্ত প্রয়োজন না হলে মায়ের কাছে ঘেঁষা হতো না। সেই থেকে মা আমার কাছে ‘দূরের ভালোবাসা’!

আমি কখনো জানতাম না আমার মা হামিদা মুর্তজা আমাকে নিয়ে কী স্বপ্ন দেখতেন। নড়াইলে আমার নানাবাড়ি ও আমাদের বাড়ির দূরত্ব পাঁচ মিনিটের কম। দুই বাড়ি থেকেই স্কুলের মাঠটা দেখা যেত। বাবা খেলাধুলা করতেন। ছেলেবেলায় ছিলাম ভীষণ দুরন্ত। সব মিলিয়ে খেলার মাঠই বেশি টানত। নানি ছিলেন আমার স্কুলের শিক্ষিকা। শাসনের বেলায় কোনোরকম ছাড় দিতেন না। তার পরও ক্রিকেট খেলার জন্য স্কুল ফাঁকি দিতাম। মা সব লক্ষ করতেন। স্বভাবতই আমার দুরন্তপনা নিয়ে চিন্তিত ছিলেন। কিন্তু যখন পাড়ার বড় ভাইয়েরা আমার খেলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতেন, তখন হয়তো খানিকটা প্রশ্রয়ও দিতেন। ১৯৯১ সালের কথা। মাগুরায় বিকেএসপির প্রতিভা অন্বেষণ ক্যাম্পে ডাক দিলেন বাপ্পি স্যার। তখন আমার কোনো ব্যাট নেই, প্যাড নেই—কিছুই নেই। মজার বিষয় হলো, ছোটবেলায় আমি কখনোই কারও কাছে কিছু চাইতাম না। সেই প্রথম মায়ের কাছে আবদার করলাম, ‘ব্যাট, বল কিনব, টাকা দাও।’ মা আমাকে ২০ হাজার টাকা দিলেন। আমি পুরো একটা ক্রিকেট গিয়ার সেট কিনে ফেললাম। তার পরের বছর সুযোগ পেলাম খুলনায় খেলার জন্য। তারপর খুলনা অনূর্ধ্ব-১৭ এবং ঢাকায় চলে আসা। জাতীয় অনূর্ধ্ব-১৯ দলেও জায়গা করে নিলাম কিছুদিনের মধ্যেই।
মা ক্রিকেট বুঝতেন না। আমিও কখনো সেভাবে বোঝাইনি। কিন্তু আমার খেলা দেখতে দেখতে বুঝে গেছেন একসময়। আমার মনে হয়, মায়ের জন্য আমার সেরা উপহার ছিল জাতীয় দলে নাম লেখানো। দলে সুযোগ পাওয়ার খবরটা জানতে পেরেছিলাম ভারতে থাকার সময়। ফোনে প্রথমে মাকে খবরটা দিয়েছিলাম। বুঝতে পারছিলাম, মা অতটা খুশি তার আগে খুব কমই হয়েছেন। তারপর একই রকম আনন্দিত হতে দেখেছিলাম যেদিন জাতীয় দলের অধিনায়ক হলাম।
তবে আমার কাছে মনে হয়, মা সবচেয়ে বেশি খুশি হন কাউকে সাহায্য করতে পারলে। এটা কেবল আর্থিকভাবে সহযোগিতাই নয়, যেকোনো ধরনের সহযোগিতা করতে পারলেই খুশি থাকেন মা। এবং এটাও বুঝতে পারি, মা মনে মনে চান আমরাও যেন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। আমাদের নড়াইল শহরে একজন মানসিক ভারসাম্যহীন নারী ছিলেন। কাউকে চিনতেন না, কারও কাছ থেকে খাবারও চাইতেন না। কেবল চিনতেন আমার মাকে। বাসায় এসে বলতেন, ‘বলাকা, ভাত দে।’ মা প্রতিদিন তাঁকে ভাত খাওয়াতেন। একদিন দেখি, মা তাঁর নিজের পাতের ভাতই দিয়ে দিলেন!
মা এখন আমার খেলা দেখেন না। সাহস পান না দেখার। আমার হাঁটুর চোটের কারণে মানসিকভাবে দুর্বল হয়ে গেছেন। আমার খেলা চলার সময় নামাজ পড়েন, হাঁটাহাঁটি করেন। খেলা শেষে কেমন বোলিং করলাম—তা জানতে চান না। তাঁর উৎকণ্ঠা আমি সুস্থ আছি কি না, তা নিয়ে।
এই কদিন আগেও মা ঢাকায় ছিলেন। এখন নড়াইলে। নানি মারা গেছেন ২০০০ সালে। তার পরও নানাবাড়িটাই আমার বাড়ি। মা-বাবার বাড়িতে আমি বেড়াতে যাই! এখনো মায়ের সঙ্গে আমার ‘দূরের ভালোবাসার’ সম্পর্ক। দূরে থেকেই মায়ের ভালোবাসা টের পাই গভীরভাবে। মা-ও নিশ্চয়ই আমার ভালোবাসার কথাগুলো বুঝতে পারেন। কত কিছুই তো বলা হয়নি মাকে! কিছু কথা আমাদের মধ্যে না বলাই থাক!
অনুলিখিত
মা নিয়ে লিখেছেন—