
স্মার্টফোনের ব্যবহারের রয়েছে হরেক রকম সুবিধা। তবে সবার কাছে এই প্রযুক্তি পৌঁছাতে পারেনি এখনো। বিশেষ করে দৃষ্টিপ্রতিবন্ধীরা স্মার্টফোনের যাবতীয় সুবিধা থেকে পুরোপুরিই বঞ্চিত। তবে তাদের জন্য সুখবর এনেছেন ভারতের একদল গবেষক। তাঁরা অন্ধদের ব্যবহারোপযোগী (ব্রেইল) স্মার্টফোন তৈরির উদ্যোগ নিয়েছেন।স্মার্টফোনে বর্তমানে দৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়ক কিছু অ্যাপ্লিকেশন (যেমন: ‘সিরি’ ও ‘সে টেক্সট’) প্রচলিত রয়েছে। তবে গবেষকেরা আরও কার্যকর ব্রেইল স্মার্টফোন তৈরির পরিকল্পনা নিয়েছেন। এই স্মার্টফোনের পর্দায় (ডিসপ্লে) ব্যবহার করা হবে ‘সেফ মেমোরি অ্যালয়’ প্রযুক্তি। এটি নির্দিষ্ট ফোনের ডিসপ্লেতে স্পর্শে অনুভবের উপযোগী সংকেত (ডট) তৈরি করতে পারবে। এ ক্ষেত্রে কোনো বার্তা বা ই-মেইল এলে ডটের মাধ্যমে স্মার্টফোনের ডিসপ্লেতে ব্রেইল আকৃতির অক্ষর তৈরি হবে। দৃষ্টিপ্রতিবন্ধীরা সেই অক্ষর স্পর্শ করেই পাঠোদ্ধার করতে পারবে। ব্রেইল স্মার্টফোন প্রযুক্তি তৈরির লক্ষ্যে গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন সুমিত দাগার। টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বের প্রথম ব্রেইল স্মার্টফোনটি কেবল মুঠোফোন নয়, বরং একজন সঙ্গীর মতো কাজ করবে। তিনি দিল্লিতে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) সহযোগিতায় ব্রেইল স্মার্টফোনের একটি নমুনা তৈরির কাজ করছেন। হায়দরাবাদের এলভি প্রসাদ আই ইনস্টিটিউটে এই গবেষণা চলছে। ব্রেইল স্মার্টফোনটি ২০১৩ সালের শেষ নাগাদ বাজারে আনা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট গবেষকেরা আশাবাদী। এটির দাম পড়বে ১৮৫ মার্কিন ডলার। সিএনএন।