দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য কি-বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য কি-বোর্ড তৈরি করেছেন এই তরুণেরা । ছবি: প্রজন্ম ডট কম
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য কি-বোর্ড তৈরি করেছেন এই তরুণেরা । ছবি: প্রজন্ম ডট কম

কেতাবি নাম তাঁরা দিয়েছেন ‘ব্রেইল টু টেক্সট কনভার্টার’। এই কি-বোর্ড ব্যবহার করে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ অনায়াসে লিখতে পারবেন কম্পিউটারে। ব্রেইল কি-বোর্ডটির নকশা তৈরি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পাঁচ শিক্ষার্থী। এই পাঁচজন হলেন রেদোওয়ান ইসলাম, রায়হান খান, আবদুল্লাহ আবু সাইদ, আরিফুজ্জামান ফয়সাল ও কামরুজ্জামান নাহিদ। তাঁরা সবাই তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
বুয়েটের ডা. এম এ রশিদ হলের অতিথিকক্ষে বসে কথা হয় এই কি-বোর্ড নিয়ে। দলনেতা রেদোওয়ান ইসলাম জানাচ্ছিলেন গোড়ার কথা, ‘প্রকল্পটি আমরা বানিয়েছি ডিজিটাল ইলেকট্রনিক ল্যাবরেটরি কোর্সের আওতায়। প্রকল্প নির্বাচনের সময়ে আমরা বাস্তব জীবনে কাজে লাগে কিংবা পরে প্রকল্পটি যাতে আরও উন্নত করা যায়, এমনটাই ছিল ভাবনা। সেই ভাবনা থেকেই আমরা পরিকল্পনা করি দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতিতে লেখার একটি যন্ত্র বানানোর। আমাদের শিক্ষক শাফায়াত হোসেন ও ইমরান মমতাজের নির্দেশনায় যা বনাতে আমরা সফল হয়েছি।’ কথাগুলো বলতে বলতে উজ্জ্বল হয়ে ওঠে রেদোওয়ানের মুখ৷

পরীক্ষাগারে কি-বোর্ড
পরীক্ষাগারে কি-বোর্ড

ততক্ষণে পুরো কি-বোর্ডের নানা যন্ত্রাংশ নিয়ে হাজির আরিফুজ্জামান ফয়সাল ও কামরুজ্জামান নাহিদ। বুঝিয়ে দিচ্ছেলেন কি-বোর্ডের খঁুটিনাটি। তাঁদের তৈরি করা কি-বোর্ডের মূল কাঠামো বা ইনপুট প্যানেল বানানো হয়েছে নয়টি বোতামের সাহায্যে। যার মধ্যে ছয়টি বোতাম ব্যবহৃত হবে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য প্রচলিত ব্রেইল পদ্ধতির ছয় বিন্দুর জন্য। এ ছাড়া বাকি দুটি হলো স্পেস ও ডিলিট বোতাম। ইনপুট প্যানেলে ব্রেইলের আদলে করা ছয়টি বোতামের মাধ্যমে যা লেখা হবে, তা একটি বোতাম চাপলেই প্রদর্শন করবে পর্দায়। যাকে বলা হচ্ছে আউটপুট। আর এই আউটপুট দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে এলসিডি ডিসপ্লে।
এটি পাঠক্রমের প্রকল্প হওয়ায় কি-বোর্ডটি বানানো হয়েছে সহজলভ্য যন্ত্রাংশ দিয়ে। এতে নকশার আকার হয়েছে বড়। বিষয়টি খোলাসা করে জানালেন রায়হান খান ও কামরুজ্জামান নাহিদ, ‘আমাদের কোর্সে শুধু ফিক্সড লজিক গেটস ব্যবহার করার অনুমতি থাকায় আমরা কোনো প্রোগ্রামেবল আইসি ব্যবহার করতে পারিনি। তাই কি-বোর্ডটি অনেক বড় দেখাচ্ছে।’
তবে তাঁরা এখন আর থেমে নেই। এই কি-বোর্ড ব্যবহারের উপযোগী করতে যুক্ত করছেন সূক্ষ্ম প্রযুক্তি। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য কি-বোর্ডের ব্যবহার কতটা সহজ করা যায়, সে লক্ষ্যেই চলছে নিবীড় পর্যবেক্ষণ। যেমনটি বলছিলেন আরিফুজ্জামান ফয়সাল, ‘আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দিয়েছি পুরো ইনপুট প্যানেলসহ ডিসপ্লে অংশকে মাইক্রো কন্ট্রোলারের সাহায্যে খুব ছোট পরিসরে ও স্বল্প খরচে করার। এ ছাড়া হার্ডওয়্যার অংশটা আরও সুন্দর ও কার্যকর করার জন্যও কাজ চলছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড এবং আইওএস সমর্থন উপযোগী িক-বোর্ড বানানোর।’