দৃষ্টিপ্রতিবন্ধীদের দেখা

একদিন পড়ন্ত বিকেলে, খুব মনোযোগ দিয়ে মোবাইল ফোনের ক্যামেরায় ছবির ফ্রেম ঠিক করছিলেন আলোকচিত্রী লুইস পেরেজ। ফোনটি সূর্যাস্তের দিকে তাক করার পর যান্ত্রিক কণ্ঠে তার আইফোনটি বলে উঠল, ‘একটি মুখ, আকারে ছোট। ওপরের দিকের বাম প্রান্তে আছে মুখটি।’ পেরেজ তখন কতগুলো ছবি তুলে আইফোনটি আবার নিজের পকেটে রেখে দিলেন।
৪৪ বছর বয়সী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দা এই ভদ্রলোক একজন দৃষ্টিপ্রতিবন্ধী। অথচ আইফোনের অ্যাপ ব্যবহার করে ছবি তোলাকে নিজের শখের পর্যায়েই নিয়ে গেছেন। মাত্র ১৫ বছর বয়সেই রেটিনিটিস পিগমেন্টোসা রোগে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারাতে থাকেন পেরেজ। এখন সামনের বস্তুকে ছোট একটি বৃত্তের আকারে দেখতে পান। ভবিষ্যতে এটুকুও দেখতে পাবেন কি না সন্দেহ। তিনি বলেন, ‘সময় থাকতে তাই যতটা সম্ভব উপভোগ করে নিতে হবে আমাকে এবং ছবি তোলাটাও তারই একটা অংশ।’
চলুন এক নজরে জেনে নেওয়া যাক স্মার্টফোনের এমন কিছু প্রযুক্তির কথা, যা দৃষ্টিপ্রতিবন্ধীদের জীবনকে সহজ করেব।
লেখা পড়ে শোনানোর প্রযুক্তি
শুধু একটি স্মার্টফোন এবং কয়েকটি অ্যাপের সাহায্য নিয়েই তাঁরা বাস্তব ও ভার্চ্যুয়াল জগতে নিজেদের জীবনযাত্রাকে সহজ করতে পারছেন। আইফোনই তাঁদের পছন্দ। মূল কারণ ২০০৯ সাল থেকে চালু হওয়া আইফোনের ‘ভয়েস ওভার’ প্রযুক্তি। এই প্রযুক্তিতে মোবাইল ফোনের পর্দা স্পর্শ করলে সেখানে কী লেখা আছে তা পড়ে শোনায় আইফোন।
ভয়েস ওভার চালু করলে, প্রথমে আইফোনের সিঙ্গেল ট্যাপ ফাংশন বন্ধ হয়। এরপর ব্যবহারকারী পর্দার যে লেখাটুকু পড়ে শুনতে চায়, পর্দায় সেখানে আঙুল রাখলেই ই-মেইল, বার্তা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের মতো যেকোনো অ্যাপ থেকে লেখা পড়ে শোনাবে আইফোন। এমনকি ‘স্পিক হিন্টস’ চালু করলে ব্যবহারকারী কোন অ্যাপ ব্যবহার করছেন এবং সেটি কীভাবে ব্যবহার করতে হয়, তা জানিয়ে দেবে। ঠিক করে দেওয়া যাবে বলার গতিও। লাইটহাউসের জ্যেষ্ঠ প্রোগ্রাম পরিচালক স্কট ব্ল্যাংকস একজন জন্মান্ধ। তিনি বলেন, ‘বেশ কিছু প্রতিষ্ঠানই অনেক ভালো কাজ করছে, কিন্তু আইফোনের এই বিশেষ সুবিধা সবদিক দিয়েই সেরা।’
ব্যস্ত রাস্তায় হাঁটা, অবস্থান জানা এবং অন্যান্য
জনবহুল রাস্তা কিংবা ব্যস্ত শপিং মলে হাঁটার ক্ষেত্রে দৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়তা করার প্রযুক্তির নাম আইফোনের ‘ব্লাইন্ডস্কয়ার’। এটি আইফোনের গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) এবং ফোরস্কয়ার ব্যবহার করে আশপাশের ক্যাফে, দোকান কিংবা লাইব্রেরির নাম পাঠ করে শোনায়। ফোনটিতে ঝাঁকি দিলে বর্তমান অবস্থান এবং নিকটবর্তী স্থানের কথা জানিয়ে দেবে। লন্ডনের দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রতিনিধি ও যন্ত্রশিল্পী কেভিন স্যাটিজাবেল বলেন, ২০ বছর আগে আমরা নিজে নিজে হেঁটে একটি রেস্তোরাঁ খুঁজে বের করতে পারতাম না। প্রযুক্তি মানুষকে দিচ্ছে প্রতিদিনের কাজ অনেক সহজে করার স্বাধীনতা। এটাই প্রযুক্তির চমৎকার দিক।’
ধারণার বাইরে কিছু করার প্রত্যয়
শুধু আইফোনেই যে এমন সুবিধা আছে, তা নয়। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আছে ‘টেক্সট টু স্পিচ’ এবং ‘স্ক্রিন রিডিং’ সুবিধা। ব্লাইন্ডস্কয়ারের মতো প্রযুক্তি এনেছে মাইক্রোসফটও, নাম ‘থ্রিডি সাউন্ডস্কেপ’।
লুইস পেরেজ বলেন, ‘উৎসাহ পেলে এমন অনেক কিছুই আমরা করতে পারব, যা অনেকের ধারণার বাইরে। অন্ধ হওয়ার জন্য ইতিহাসের সেরা সময় চলছে এখন।’
তথ্য ও ছবি: সিনেট